ঘন কুয়াশার কবলে পড়ে খাদে মারুতি গাড়ি : দুই শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ১:১৮ দুপুর
ঘন কুয়াশার কবলে পড়ে খাদে মারুতি গাড়ি : দুই শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫

২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের নয়ডার ডানকৌর এলাকায় ঘন কুয়াশার কবলে পড়ে চলন্ত মারুতি গাড়ি খাদে পড়ে গেলে দুই শিশুসহ ৬ জন নিহতের ঘটনা ঘটেছে।

রবিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার সময় দুর্ঘটনাটি ঘটে। মারুতি গাড়িতে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। 

নিহতরা হলেন- মহেশ (৩৫), কিশান লাল (৫০), নীরেশ (১৭), রাম খিলাদি (৭৫) মল্লু (১২) এবং নেত্রপাল (৪০)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দিল্লির কাছাকাছি অবস্থিত দানকৌর এলাকায় খেরলি খালে পড়ে ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাতে এনডিটিভি আরও জানান, মারুতি গাড়ির যাত্রীরা উত্তর প্রদেশের সাম্ভাল জেলার বাসিন্দা। ধারণা করা হচ্ছে তারা দিল্লি যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে রাস্তা বেশি দেখা না যাওয়ায় গাড়িটি খেরলি খালে পড়ে যায়। গাড়িতে থাকা ১১ যাত্রী গুরুতর আহত হন।

তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছয়জনকে মৃত ঘোষণা করেন। বাকিরা এখনো চিকিৎসাধীন। আহতের মধ্যে কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, দিল্লিতে ইতিমধ্যে ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠাণ্ডার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দিল্লির আশপাশও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে।

Feb2
Feb2