খুঁজুন
, ,

স্পেশাল ব্রাঞ্চের ওয়েবসাইট চালু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 2 October, 2023, 7:49 pm
স্পেশাল ব্রাঞ্চের ওয়েবসাইট চালু

সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম সহজতর করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ(এসবি)। অটোমেশনের মাধ্যমে কৌশলগত ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট, অভিবাসন সেবা, আন্তর্জাতিক আগমন-বহির্গমন নিয়ন্ত্রণ, পাসপোর্ট ভেরিফিকেশন ও নিরাপত্তা ছাড়পত্র প্রদান করছে স্পেশাল ব্রাঞ্চ। এছাড়া সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চ ওয়েবসাইট।

সোমবার (২ অক্টোবর) সকাল ১১টায় মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে স্পেশাল ব্রাঞ্চের ওয়েবসাইটের উদ্বোধন করেন। একইসঙ্গে স্ট্র্যাটেজিক প্ল্যান ও পরিদর্শন নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন।

স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পেশাল ব্রাঞ্চ ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ স্পেশাল ব্রাঞ্চ। এর সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। ১৮৮৭ সালের ২৩ ডিসেম্বর তৎকালীন ভারতীয় উপমহাদেশে সেন্ট্রাল স্পেশাল ব্রাঞ্চ নামে এটি প্রতিষ্ঠিত হয়। ইতিহাস পরিক্রমার সঙ্গে সঙ্গে বিভিন্ন নাম পরিবর্তনের মাধ্যমে ১৯৬২ সালে পুনরায় এই বিভাগের নামকরণ স্পেশাল ব্রাঞ্চ করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে স্পেশাল ব্রাঞ্চ অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং জাতীয় নিরাপত্তার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্পেশাল ব্রাঞ্চের ওয়েবসাইটটি ৪টি থিমের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে।

থিমেটিক এরিয়া-১

মহান মুক্তিযুদ্ধ, রাজারবাগে মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ, ভাষা শহীদের চেতনানির্দেশক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কেপিআইসমূহের ছবি, এসবির ইতিহাস, এসবি প্রধানের বক্তব্য, মিশন, ভিশন, পুলিশ ও অন্যান্য অফিসের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিংক সন্নিবেশিত হয়েছে।

থিমেটিক এরিয়া-২

এক নজরে এসবি সেবা সম্পর্কিত বিভিন্ন উইংয়ের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে। এছাড়া এফএকিউ সম্পর্কিত তথ্য সন্নিবেশিত হয়েছে।

থিমেটিক এরিয়া-৩

অনার অ্যান্ড প্রাইড পুলিশের আত্মত্যাগ ও সম্মানের বিষয়গুলো এই এরিয়াতে অন্তর্ভুক্ত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে পুলিশের শাহাদাতবরণকারী সদস্যদের নাম ও বীরত্বপূর্ণ ভূমিকা, পুলিশের স্বাধীনতা পদক অর্জন, প্রতিবছর কর্তব্যকালীন অবস্থায় আত্মত্যাগকারী পুলিশের সদস্যদের তালিকা ও সংক্ষিপ্ত বিবরণ, অন্যান্য যে কোনো অর্জন এখানে সন্নিবেশিত হবে।

থিমেটিক এরিয়া-৪

যোগাযোগ এবং তথ্যবিনিময়। এটি একটি ইন্টার অ্যাকটিভ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে। পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে যোগাযোগ আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে। এক্ষেত্রে লগইন আইডি থাকবে। এছাড়া বাংলাদেশে বসবাসরত বা প্রবাসী যে কোনো নাগরিক, বিদেশি যে কোনো নাগরিক, তথ্য জানাতে চাইলে নিজের পরিচয় গোপন করে অথবা পরিচয় দিয়ে এই প্লাটফর্মে তথ্য আদান-প্রদান করতে পারবেন।

অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল যে কোনো চাহিত তথ্যের বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা নিবেন। এই ওয়েবসাইটে পাসপোর্ট, ভিসা, দ্বৈত নাগরিকত্বসহ নানাবিধ প্রাসঙ্গিক রুলস ও জনগুরুত্বপূর্ণ তথ্য সন্নিবেশিত থাকবে। এছাড়া ওয়েবসাইটে প্রকাশিত তথ্যাদি ইংরেজির পাশাপাশি বিভিন্ন ভাষায় অনুবাদযোগ্য হওয়ায় সহজেই দেশি-বিদেশি সেবাপ্রত্যাশীরা এ সংক্রান্ত তথ্য পাবেন।

স্পেশাল ব্রাঞ্চ আরও জানিয়েছে, পরিবর্তিত বিশ্বে নিত্যনতুন হুমকি ও চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলার ক্ষেত্রে যে কোনো সংস্থার জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা একটি সংস্থার সক্ষমতা বৃদ্ধি ও কার্যক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখে। এ লক্ষ্যকে সামনে রেখে স্পেশাল ব্রাঞ্চের জন্য পাঁচ বছর মেয়াদি (২০২৩- ২০২৮) একটি স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়ন করা হয়েছে।

Feb2
Feb2

চিকিৎসক মেহেদী-শেফাতুজ্জাহান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 31 July, 2026, 2:27 pm
চিকিৎসক মেহেদী-শেফাতুজ্জাহান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মেহেদী হাসান ও ডা. শেফাতুজ্জাহানকে উদ্দেশ্যে করে অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রকার অপপ্রচারের বিরুদ্ধে চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল মেডিকেল কলেজ টিসার্স এসোসিয়েশন গভীর উদ্বেগ জানিয়েছেন।

সংগঠনের প্রেসিডেন্ট প্রফেসর ডা. অসিম কুমার বড়ুয়া ও জেনারেল সেক্রেটারি ডা. রানা চৌধুরী স্বাক্ষরিত প্রতিবাদলিপি নিম্নরূপঃ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ শিক্ষক সমিতি গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি কিছু অননুমোদিত অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত চিকিৎসক ডা. মেহেদী হাসান, সহযোগী অধ্যাপক, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ এবং ডা. শাফাতুজ্জাহান, পরিচালক ও সহযোগী অধ্যাপক, সিমশ ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ এবং অপপ্রচার চালানো হচ্ছে।

উক্ত সংবাদসমূহে উপস্থাপিত তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই। সংশ্লিষ্ট চিকিৎসকদের বক্তব্য গ্রহণ কিংবা যথাযথ তথা যাচাই না করেই এসব মানহানিকর সংবাদ ও প্রচারণা পরিচালিত হয়েছে। আমরা মনে করি, এ ধরনের অপপ্রচারের উদ্দেশ্য সংশ্লিষ্ট চিকিৎসকদের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করা, তাঁদের পরিবারকে মানসিকভাবে হয়রানির শিকার করা এবং একই সঙ্গে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করা।

উল্লেখ্য, সংশ্লিষ্ট চিকিৎসকগণ দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। করোনা মহামারিসহ বিভিন্ন জাতীয় সংকটময় সময়ে তাঁরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের এই অনন্য অবদানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা শুধু তাঁদের ব্যক্তিগত মর্যাদার প্রতি নয়, সমগ্র চিকিৎসক সমাজের প্রতিও চরম অসম্মানজনক।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ শিক্ষক সমিতি এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা মনে করি, এ ধরনের অপপ্রচার চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং জনমনে অযথা বিভ্রান্তির জন্ম দিতে পারে।

আমরা সকল গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, যাচাইবিহীন তথ্য প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকুন এবং দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে সহায়ক ভূমিকা পালন করুন।

আরও বেড়েছে মাছ-মুরগি-ডিমের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 31 July, 2026, 12:15 pm
আরও বেড়েছে মাছ-মুরগি-ডিমের দাম

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাজারগুলোতে গরুর মাংস বাদে চলতি সপ্তাহে আরও এক দফা বেড়েছে মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। তবে সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে মাছের বাজার। বিশেষ করে সামুদ্রিক মাছের দাম এখন সাধারণ ক্রেতাদের একেবারেই নাগালের বাইরে; হাজার টাকার নিচে মিলছে না কোনো সামুদ্রিক মাছ।

শুক্রবার (৩১ জুলাই) নগরের বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতি কেজি মাছের দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙাশের কেজি এখন ২০০ টাকা ছাড়িয়ে গেছে। পুকুরে চাষ করা পাঙাশ, তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেল ও পোয়া মাছের দাম কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি জীবিত পাঙাশ ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে মানভেদে প্রতি কেজি চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, ওজন ভেদে রুই মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা ও টেংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকায়। তবে রূপচাঁদা, বড় আকারের শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে ক্রেতাকে হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।

পাহাড়তলী বাজারের মাছ বিক্রেতা খোকন জানান, বাজারে বর্তমানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে। তবে দাম বেশ চড়া। মান ও আকারভেদে প্রতি কেজি ইলিশ ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার ২০০ টাকা, রূপচাঁদা (সাদা) ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, লাল কোরাল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, সামুদ্রিক সুরমা ৭০০ টাকা এবং টুনা মাছ ৮৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজার ও মাছের আকারের ওপর ভিত্তি করে এসব দামে কিছুটা তারতম্য হতে পারে বলে তিনি জানান।

মাছের পাশাপাশি দাম বেড়েছে ডিমেরও। গত সপ্তাহের তুলনায় ডজনে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বর্তমানে ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়। গরুর মাংসের দাম স্থির থাকলেও তা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা দরে। আর খাসির মাংস কিনতে গেলে কেজিতে গুনতে হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা।

অন্যদিকে মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগি ব্যবসায়ী মাহবুব বলেন, ‘এ সপ্তাহে মুরগির দাম গত সপ্তাহের মতোই আছে। প্রতিদিন কেজিতে ৫-১০ টাকা ওঠানামা করে। আজ ১৯০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি করছি।’

মাছ কিনতে আসা মোরশেদ রনী নামের এক ক্রেতা আক্ষেপ করে বলেন, ‘মাছের দাম নাগালের বাইরে। প্রতিটি মাছের দামই বেড়েছে। আমাদের মতো মধ্যবিত্তরা খুব কষ্টে আছে।’

আনোয়ারায় বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ২ নারী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 30 July, 2026, 10:20 pm
আনোয়ারায় বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ২ নারী

আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাকে চাপা দেয় বাসটি। ভয়াবহ এ দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন টানেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)।আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে টানেল মোড়ে যাত্রীর অপেক্ষায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। বাসের প্রচণ্ড ধাক্কায় দোকানের সামনে থাকা অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে দোকানের ভেতরে ও বাইরে থাকা অনেকেই চাপা পড়ে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, এ পর্যন্ত অন্তত ১০ জন আহত হওয়ার তথ্য পেয়েছি। হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা বলেন, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।আহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকে আইনের আওতায় আনতে অভিযান চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।