খুঁজুন
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিন্ডিকেটমুক্ত লাইটারেজ পরিবহন, কমছে উৎপাদন খরচ-পণ্যের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ণ
সিন্ডিকেটমুক্ত লাইটারেজ পরিবহন, কমছে উৎপাদন খরচ-পণ্যের দাম

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা কার্গোপণ্য পরিবহনে লাইটারেজ ব্যবসায় ভেঙেছে দীর্ঘদিনের সিন্ডিকেট। উন্মুক্ত পণ্য পরিবহনের কারণে ভাড়া কমেছে ২০-৩০ শতাংশ। ফলে কমছে উৎপাদন খরচ। লাভবান হচ্ছেন ভোক্তা। তবে এ সেক্টরের সিন্ডিকেট ব্যবসায়ীরা বলছেন, উন্মুক্তভাবে বাল্কপণ্য পরিবহনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাইটারেজ মালিকরা।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য নিয়ে আসা জাহাজের প্রায় ৪৫ শতাংশই খোলা পণ্যবাহী। এগুলোতে বাল্ক ক্যারিয়ার বলা হয়। বাল্ক ক্যারিয়ারে চাল, ডাল, গম, ছোলা, চিনি, সিমেন্ট ক্লিংকার, কয়লা, পাথর, স্ক্র্যাপসহ নানান পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। পরে বন্দরের বহির্নোঙরে অবস্থান করা জাহাজ থেকে এসব পণ্যের প্রায় তিন চতুর্থাংশ লাইটারেজের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে দেশের ৩৪টি নৌ রুট রয়েছে। এসব রুটে প্রায় আড়াই হাজার লাইটারেজ জাহাজ চলাচল করে।

সূত্র জানায়, সরকারি কোনো নীতিমালা না থাকলেও চট্টগ্রাম বন্দর থেকে বাল্ক পণ্য পরিবহন নিয়ন্ত্রণ করার জন্য ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) গঠন করে লাইটারেজ মালিকদের প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেট। এসব সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো সরকারদলীয় রাজনৈতিক প্রভাবশালীরা। দীর্ঘ সময় ধরে এসব সিন্ডিকেটের হাতে বন্দি ছিল বন্দরকেন্দ্রিক বাল্কপণ্য পরিবহন। ওই সিন্ডিকেটই পণ্যের লাইটারিংয়ের পরিবহন ব্যয় নির্ধারণ করে দিতো। এতে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হতেন। বেড়ে যেত পণ্যের পরিবহন ব্যয়।

২০২৩ সালে লাইটার মালিকদের মধ্যে বিরোধ তৈরি হলে ভেঙে যায় ডব্লিউটিসি। এরপর নৌ-বাণিজ্য দপ্তরকে (এমএমডি) লাইটারেজ চলাচল নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি) গঠন করে দেয় নৌ-পরিবহন মন্ত্রণালয়। এরপরেও জাহাজ মালিকদের মতনৈক্যের কারণে বিডব্লিউটিসিসির কার্যক্রম শুরু করা যায়নি।

৫ আগস্ট সরকার পতনের পর বাল্কপণ্য পরিবহনে নৌপথের সিন্ডিকেটগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। এতে আমদানিকারকরা সরাসরি উন্মুক্ত পদ্ধতিতে দর কষাকষির মাধ্যমে লাইটারেজ জাহাজ ভাড়ায় নিয়ে বাল্কপণ্য পরিবহন করছেন। ফলে আগের চেয়ে পণ্যের পরিবহন ব্যয় অনেকাংশে কমে গেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

দেশের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত বলেন, ‘রড উৎপাদনের কাঁচামাল স্ক্র্যাপের বড় অংশই আমদানি করতে হয় বিদেশ থেকে। আবার এই স্ক্র্যাপ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করা মাদার ভ্যাসেল থেকে আমাদের জেটিতে পরিবহনের জন্য ব্যবহার করতে হয় লাইটার জাহাজ। আগে লাইটার জাহাজ একটি সিন্ডিকেটের মধ্যে বন্দি ছিল। এখন সিন্ডিকেট না থাকায় ওপেন মার্কেটে লাইটার জাহাজ ভাড়ায় মিলছে।’

তিনি বলেন, ‘এতে ব্যবসায় প্রতিযোগিতা তৈরি হয়েছে। যা আগে একচেটিয়া ছিল। একচেটিয়া থাকায় আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন প্রতিযোগিতা তৈরি হওয়ায় অপেক্ষাকৃত কম দরে লাইটার ভাড়া পাওয়া যাচ্ছে। এতে আমাদের পণ্য পরিবহন ব্যয় কমেছে। কস্ট অব প্রোডাকশনও কমবে। পণ্যের দামও কমবে। যার সুফল পাবেন ভোক্তারা।’

চট্টগ্রামের খাতুনগঞ্জে শীর্ষ ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপ। প্রতিষ্ঠানটি চাল, ডাল, ছোলা আমদানি করে। বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, ‘এখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রায় সবকিছুই অস্বাভাবিকভাবে চলছে। পণ্য আমদানিও কিছুটা কমেছে। তবে দেশে ভোগ্যপণ্য সরবরাহে ঘাটতি নেই।’

এ আমদানিকারক ব্যবসায়ী বলেন, ‘বহির্নোঙরে অবস্থান করা জাহাজ থেকে চাল, ডাল, ছোলা, গমসহ নানান বাল্কপণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহনে লাইটারেজ ব্যবহার করা হয়। এখন ডব্লিউটিসির কার্যক্রম বন্ধ থাকায় লাইটারেজগুলো সরাসরি পণ্য পরিবহন করছে। এতে পরিবহন ব্যয় কিছুটা কমলেও পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি বোঝা যাবে না।’

চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী, বুধবার (২৮ আগস্ট) কনটেইনার ও নানান কার্গো পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে ১১০টি জাহাজ অবস্থান করছিল। এর মধ্যে কনটেইনারবাহী জাহাজ রয়েছে ২৫টি এবং অয়েল ট্যাংকার ১৭টি। অন্য ৬৮টি জাহাজে রয়েছে স্ক্র্যাপ, কয়লা, পাথর, খাদ্যশস্য, সার, সিমেন্ট ক্লিংকার, র’ সুগারবাহী জাহাজ। বুধবার ৪৮টি জাহাজ থেকে এসব কার্গোপণ্য বহির্নোঙরে কার্গো খালাসরত অবস্থায় রয়েছে।

চট্টগ্রামে লাইটার জাহাজ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘ডব্লিউটিসি আগে থেকে নানান অনিয়মে জড়িত হয়ে পড়ে। এতে লাইটার জাহাজ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল। কিছুদিন আগে ডব্লিউটিসিকে একটি নিয়মের মধ্যে আনার প্রক্রিয়া শুরু হয়। তবে এখন রাজনৈতিক পরিস্থিতির কারণে ডব্লিউটিসি সক্রিয় নেই।’

তিনি বলেন, ‘এখন লাইটার ব্যবসায়ীরা আমদানিকারক কিংবা শিপিং এজেন্টের সঙ্গে কোটেশন কিংবা সমঝোতার মাধ্যমে কার্গোপণ্য পরিবহন করছে। এতে লাইটার জাহাজ ব্যবসায় প্রতিযোগিতা শুরু হয়েছে। ফলে আগের চেয়ে পণ্য পরিবহন ভাড়া কমেছে। বিশেষ করে আগে চট্টগ্রাম থেকে ঢাকা সিমেন্ট ক্লিংকার পরিবহন হতো টনপ্রতি ৫৮৩ টাকা হিসেবে। এখন সেই ভাড়া নির্ধারণ করা নেই। এখন কেউ ৪শ টাকা কেউ সাড়ে ৪শ টাকাতেও ক্লিংকার বহন করছে। একইভাবে অন্য কার্গোপণ্য পরিবহনের ক্ষেত্রেও ভাড়া কমেছে।’

ডব্লিউটিসিসির নির্বাহী পরিচালক মাহবুব রশিদ খান বলেন, ‘আগে লাইটারেজ ব্যবস্থাপনা ছিল ডব্লিউটিসির অধীনে। এতে লাইটারেজ ব্যবসায় একটি শৃঙ্খলা ছিল। এখন সেই শৃঙ্খলা নেই। তবে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্তে একটি পরিপত্র হওয়ার কথা।’

লাইটারেজ মালিকরা এখন যে যার মতো করে ভাড়া নিচ্ছেন জানিয়ে ডব্লিউটিসির এ কর্মকর্তা বলেন, এতে লাইটার মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ অলস বসে না থেকে অনেকে খরচ পোষানোর জন্য পণ্য পরিবহন করছেন। তাতে পুরো সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে নৌ-বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, ‘আমরা মূলত সমুদ্রে চলাচলকারী জাহাজের নিবন্ধন দিই। সময়ে সময়ে এগুলো তদারক করি। সাগর থেকে নদীপথে চলাচলকারী কোস্টাল জাহাজগুলো (লাইটারেজ) বর্তমানে স্বাভাবিকভাবে চলছে। আগে একটি সংগঠন জাহাজগুলো নিয়ন্ত্রণ করতো। তবে এখন উন্মুক্তভাবে জাহাজগুলো পণ্য পরিবহন করছে।’

Feb2

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশী থানার ওসি বদলি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশী থানার ওসি বদলি

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ ওঠার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে বদলি করা হয়েছে। শনিবার (১৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

শনিবার রাত পৌনে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

আদেশ অনুযায়ী, খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে সিএমপির লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

একইসঙ্গে সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে বাকলিয়া থানার ওসি এবং বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে শুক্রবার (১২ জুন) রাতে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশ পরিচয়ে আটক, মারধর ও হেনস্তার অভিযোগ ওঠে।

এ ঘটনায় ইতোমধ্যে খুলশী থানার এক উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে সকালে যখন আমি ঢাকা থেকে প্লেনে উঠলাম, তখন প্লেনে পত্রিকা থাকে, আমি পত্রিকাগুলো দেখলাম কী কী নিউজ আছে। পত্রিকাগুলোর মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কমবেশি একটি নিউজ করেছে যে, প্রতিবছর বাজেট উপস্থাপনের পরদিন বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো কোনো জিনিসপত্রের দাম বাড়েনি।

তিনি বলেন, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট জনগণের পক্ষের বাজেট। এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল, সেগুলোর ওপর থেকে আমরা ট্যাক্স কমিয়ে এনেছি।

চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

চট্টগ্রামে আগামী পাঁচ বছরে প্রায় দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে বাঁচিয়ে রেখে পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে।

প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার ( ১৩ জুন) কর্ণফুলী উপজেলার চাদগাঁও বেড়িবাঁধ এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় মাত্র দুই মাসে এক লাখ বৃক্ষরোপণ করে আলোচনায় আসা জাহিদুল ইসলাম বলেন, “সারা দেশে আজ থেকে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, সিডিএসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়েছে।”

তিনি বলেন, “আমরা ইতিমধ্যে ৭০ হাজার বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করেছি। আগামী পাঁচ বছরে শুধু চট্টগ্রাম জেলাতেই প্রায় দেড় কোটি বৃক্ষরোপণ করা হবে। চলতি বছর জেলায় প্রায় ২৫ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে।”

জেলা প্রশাসক বলেন, “পৃথিবী মানুষের বসবাসের একমাত্র গ্রহ। কিন্তু মানুষের কর্মকাণ্ডের কারণেই পরিবেশ বিপর্যয় বাড়ছে। এ পরিস্থিতিতে পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে, সেগুলো সঠিকভাবে পরিচর্যা করা গেলে ভবিষ্যতে পরিবেশগত ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।”

অনুষ্ঠানে একটি সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।

কর্মসূচির আওতায় কর্ণফুলী বেড়িবাঁধের চাদগাঁও এলাকায় প্রায় ১ দশমিক ৫০ একর জমিতে ১৯ প্রজাতির ১ হাজার ২০০টি চারা রোপণ করা হয়। রোপিত চারার মধ্যে রয়েছে সোনালু, চালতা, জারুল, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, বকুল, পলাশ, মহুয়া, কাঞ্চন, আমলকি, অর্জুন, জলপাই, কাঠবাদাম, ঝাউ, হিজল, বহেরা, চিকরাশি ও মেহগনি।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর চট্টগ্রাম জেলায় প্রায় ২৫ লাখ চারা রোপণ করা হবে। এর মধ্যে বন বিভাগের আওতায় প্রায় ১৮ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগে ৭ লাখ ৫০ হাজার, দক্ষিণ বন বিভাগে ৮ লাখ ৩৪ হাজার ৫০০, উপকূলীয় বন বিভাগে ২ লাখ ৩২ হাজার ৫০০ এবং চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেনে ১৫ হাজার ২৮৯টি চারা রোপণ করা হবে।

এ ছাড়া সিডিএ ও বন বিভাগের যৌথ উদ্যোগে কর্ণফুলী বেড়িবাঁধ সড়কের দুই পাশে প্রায় ১৬ হাজার গাছ লাগানো হবে।

গাছের সুরক্ষার বিষয়ে জেলা প্রশাসক বলেন, “প্রতিটি চারার উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট নিশ্চিত করা হয়েছে। গবাদিপশুর ক্ষতি থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাও নেওয়া হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নাগরিক সচেতনতা। এই গাছ আমাদের পরিবেশ, জীবন ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবে।”

তিনি আরও বলেন, “করোনাকালে আমরা অক্সিজেনের গুরুত্ব উপলব্ধি করেছি। তাই প্রত্যেক নাগরিককে নিজের গাছ মনে করে এসব চারার পরিচর্যা করতে হবে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হোছাইন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম এ হাসান এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক রাজীব দাশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারের এই বৃহৎ সবুজায়ন কর্মসূচি চট্টগ্রামে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।