খুঁজুন
সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ- জলকামান নিক্ষেপ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ- জলকামান নিক্ষেপ

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারী গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে বলে জানা গেছে।

সোমবার (১ জুন) সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সড়ক ও ব্যাংক এলাকা থেকে সরিয়ে দিতে পুলিশ পদক্ষেপ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও টিয়ারগ্যাসও নিক্ষেপ করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, নতুন চেয়ারম্যান এস আলমের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ায় তার নিয়োগের মাধ্যমে ব্যাংকে অনিয়ম ও লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।

পুলিশের অভিযানে প্রথমে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে তারা আবার ব্যাংকের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করেন। ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খুরশিদ আলমকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় নিতে হবে।

Feb2

ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উদযাপন শেষে সোমবার সকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। ছুটির পর প্রথম কর্মদিবসে তিনি বিভিন্ন প্রশাসনিক ও সরকারি কাজের অগ্রগতি পর্যালোচনা করছেন।

প্রধানমন্ত্রীর সচিবালয়ে উপস্থিতি এবং সরকারি কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে ছুটির পর সরকারের নিয়মিত কার্যক্রমও পূর্ণমাত্রায় শুরু হলো।

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু,বিক্ষুব্ধ এলাকাবাসী পোড়ালো গাড়ি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু,বিক্ষুব্ধ এলাকাবাসী পোড়ালো গাড়ি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে এবং দুর্ঘটনায় জড়িত বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (১ জুন) উপজেলার বিবিরহাট এলাকায় সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে বাবা ও ছেলে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা বাবা-ছেলে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে দুর্ঘটনায় জড়িত বিআরটিসি একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ৩৪ জেলা, নেই গরম কমার আভাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ৩৪ জেলা, নেই গরম কমার আভাস

জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে সারা দেশ। ঢাকাসহ দেশের ৩৪টি জেলা তাপপ্রবাহের কবলে। রোববার (৩১ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় যা ছিল ৩৬ দশমিক ৪।

তাপপ্রবাহের সঙ্গে প্রায় বৃষ্টিহীন রয়েছে দেশের বেশির ভাগ অঞ্চল। রোববার সবচেয়ে বেশি ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে।

সোমবার দেশের ৮টি বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের ৩৪টি জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর প্রভাবে সোমবারও গরম থাকবে। তবে তাপপ্রবাহের পরিধি কমে আসতে পারে।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। ৩ জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এ সপ্তাহে টেকনাফ উপকূলে মৌসুমি বায়ু অগ্রসর হতে পারে, তখন বৃষ্টির প্রবণতা আরও বাড়বে।

এদিকে সোমবার সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।