মিসরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩ পর্যটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:৫৯ সকাল
মিসরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩ পর্যটক

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে যাত্রীবাহী পর্যটক বাস ও একটি বড় ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। নিহত ও আহতদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আহরামের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর মহাসড়কে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। পরে ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মীরা।

আহতদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং সড়ক আইন প্রয়োগে শিথিলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় দেশজুড়ে প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ ২২ জন নিহত হন। এ ছাড়া আগস্টে উত্তর মিসরে দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারান।

Feb2
Feb2