সাফ শুরুর আগেই দুঃসংবাদ, রোনানকে পাচ্ছেন না বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:১৫ সন্ধ্যা
সাফ শুরুর আগেই দুঃসংবাদ, রোনানকে পাচ্ছেন না বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ ফুটবল দল। ঊরুর পেছনের পেশিতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফুটবলার রোনান সুলিভান। প্রথমবারের মতো জাতীয় সিনিয়র দলে ডাক পাওয়া এই ফুটবলারকে ছাড়াই এবার শিরোপার লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে।

গত ২৪ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন কোচ থমাস ডুলি। সেই তালিকায় জায়গা পেয়েছিলেন রোনান। কিন্তু গত শুক্রবার যুক্তরাষ্ট্রে নিজের ক্লাব সেন্ট জোসেফস হকসের হয়ে অনুশীলনের সময় ঊরুর পেছনের পেশিতে চোট পান তিনি। এ চোট কাটিয়ে উঠতে প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা গেছে।

জাতীয় দলসংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে প্রথম আলো। দ্য ডেইলি স্টারও রোনানের টুর্নামেন্টে খেলতে না পারার বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটির সদস্য ও নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ জানিয়েছেন, চোটের কারণে তাঁকে পাওয়া যাচ্ছে না। এমনকি বাংলাদেশে আসার জন্য তাঁর ভ্রমণব্যবস্থাও বাতিল করা হয়েছে।

এর আগে গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রোনান। ওই প্রতিযোগিতায় তাঁর পারফরম্যান্স নজর কাড়ে জাতীয় দলের কোচ থমাস ডুলির। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে সুযোগ পান তিনি। তবে চোটের কারণে জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হলো এই তরুণের।

রোনানের ছিটকে যাওয়া বাংলাদেশের আক্রমণভাগে বাড়তি চাপ তৈরি করেছে। বিশেষ করে স্বীকৃত স্ট্রাইকারের সংকট থাকায় তাঁকে ঘিরে পরিকল্পনা সাজিয়েছিলেন কোচ ডুলি। এখন তাঁর পরিবর্তে কাকে খেলানো হবে, তা নিয়ে নতুন করে ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।

শুধু রোনান নন, দলের আরও কয়েকজন ফুটবলারের ফিটনেস নিয়েও রয়েছে উদ্বেগ। বিশ্বনাথ ঘোষ এখনো শতভাগ ফিট নন। জ্বর থেকে সুস্থ হয়েছেন শেখ মোরছালিন। অন্যদিকে, প্রথম ম্যাচের আগে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না বাংলাদেশ। তাঁদের দুজনেরই আগামী ৯ নভেম্বরের দিকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ইতালিপ্রবাসী ফাহামিদুল ইসলামও এখনো জাতীয় দলের ক্যাম্পে যোগ দেননি।

আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে বাংলাদেশ। ৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলা ছয় দলের এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। আগামী ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

জেআই/

Feb2
Feb2