৭ নভেম্বর নতুন পথের দিশা পায় জাতি: রিজভী
৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পেয়েছিল জাতি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে দেশ নতুন করে পথের দিশা পেয়েছিল।
শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মাত্র দুই-তিন মিনিটের মধ্যে আইন প্রণয়ন ও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর ফলে গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়ে পড়ে। পরবর্তী সময়ে নিজেদের মধ্যে পাল্টাপাল্টি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতিও তৈরি হয়।
তিনি বলেন, দেশকে তখন এক অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল। চারদিকে নেমে এসেছিল অনিশ্চয়তা ও হতাশা। এমন পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষা ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ ফিরে পাওয়া। শহীদ জিয়াউর রহমান সেই প্রত্যাশা পূরণে ভূমিকা রেখেছিলেন।
বিএনপির এই নেতা আরও বলেন, ২৩ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দি করে রাখা হয়। এতে স্বাধীন জাতি হিসেবে দেশের মানুষের স্বাধীনভাবে বিকশিত হওয়ার আশা-আকাঙ্ক্ষা হতাশায় নিমজ্জিত হয়। চারদিকে বিরাজ করছিল শঙ্কা ও অরাজকতা। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি লাভ করেন। তাঁর মুক্তির মধ্য দিয়ে জাতি আবারও নতুন করে পথের দিশা খুঁজে পায়।
রিজভী বলেন, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনে এগিয়ে যায়। আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তাঁর নেতৃত্বেই দেশের মানুষ বহুদলীয় গণতন্ত্রের স্বাদ পায়।



আপনার মতামত লিখুন