বাবা-মায়ের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন তাঁরা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। শনিবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে হেঁটে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠন প্রস্তুতি নিয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শোভাযাত্রায় উপস্থিত থাকবেন। এ কারণে তাঁদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। রাজধানীতে স্মরণীয় একটি র্যালি অনুষ্ঠিত হবে বলে আশা করছেন তাঁরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বলেন, শোভাযাত্রা সফল করতে সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিয়ে একাধিক সভা করা হয়েছে। প্রধানমন্ত্রীর অংশগ্রহণে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আনন্দ ও উদ্দীপনা তৈরি হয়েছে।



আপনার মতামত লিখুন