তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ শ্রমিক
তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার সরানোর সময় ক্রেন ভেঙে পড়লে এর সঙ্গে থাকা সরঞ্জাম নিচে থাকা চুল্লিতে পড়ে বিস্ফোরণের সূত্রপাত হয়।
সোমবার (৯ নভেম্বর) তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক। প্রতিষ্ঠানটি তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী কারখানা হিসেবে পরিচিত।
স্থানীয় গভর্নরের তথ্য অনুযায়ী, সোমবার দুপুরের দিকে কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। সেখানে ক্রেনের সাহায্যে নতুন একটি বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়ে এবং এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে গিয়ে পড়ে। এতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে বিশাল আগুনের শিখা এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। বিস্ফোরণে আশপাশের এলাকাও কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীদের একজন জানান, প্রথমে তাঁর মনে হয়েছিল, ভূমিকম্প হয়েছে।
কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান গণমাধ্যমকে বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
প্রাথমিকভাবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
উল্লেখ্য, হাবাস কারখানাটি ইজমিরের আলিয়াগা জেলায় অবস্থিত। এলাকাটি তুরস্কের একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।



আপনার মতামত লিখুন