নেত্রকোনায় ১২ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষক সাগরের মৃত্যুদণ্ড
নেত্রকোনার মদনে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর নবজাতক কন্যাসন্তানের দায়িত্বভার গ্রহণ করেছে সরকার।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল। শুনানির সময় প্রধান আসামি আমান উল্লাহ নিজের ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন। তবে আদালত তার সেই আবেদন প্রত্যাখ্যান করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ওই মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর শিশুটিকে মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ভয়ে শিশুটি দীর্ঘদিন ঘটনা গোপন রাখে। একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।
পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে ১২ বছর বয়সী শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকালীন র্যাব-১৪। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে তিন দিনের রিমান্ডে নেয়।
এদিকে, গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়।
ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র জমা দেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার মামলার প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে নবজাতক শিশুটির দায়িত্বভার গ্রহণের বিষয়টিও রায়ে উল্লেখ করা হয়।



আপনার মতামত লিখুন