আনোয়ারায় তিন কিলোমিটার সড়কে ২৭ বাঁক, দুর্ঘটনার শঙ্কা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ বিকাল
আনোয়ারায় তিন কিলোমিটার সড়কে ২৭ বাঁক, দুর্ঘটনার শঙ্কা

চট্টগ্রামের আনোয়ারায় মাত্র তিন কিলোমিটার সড়কে রয়েছে ২৭টি বাঁক। জয়কালী বাজার থেকে ছত্তারহাট পর্যন্ত এই সড়কে একের পর এক বিপজ্জনক বাঁক থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনচালকদের। বিশেষ করে বাঁকে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে না পাওয়ায় বাড়ছে মুখোমুখি সংঘর্ষ ও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। এমন পরিস্থিতিতে সড়কটির ঝুঁকিপূর্ণ বাঁক সংস্কার, প্রশস্তকরণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও চালকেরা।

স্থানীয় বাসিন্দারা জানান, মাত্র তিন কিলোমিটার সড়ক পাড়ি দিতে গিয়ে চালকদের অতিক্রম করতে হয় ২৭টি বাঁক। এসব বাঁকের অনেকগুলোতেই বিপরীত দিক থেকে আসা যানবাহন আগে থেকে দেখা যায় না। ফলে প্রতিটি বাঁকেই সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হয়। এর ওপর সড়কের পাশে থাকা গাছপালা ও ঝোপঝাড়ের কারণে কোথাও কোথাও দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।

সিএনজিচালক বেলাল উদ্দিন বলেন, ‘এই সড়কে গাড়ি চালানো বেশ কঠিন। একটি গাড়ি নিয়ে বাঁকে প্রবেশ করলে বিপরীত দিক থেকে অন্য কোনো গাড়ি আসছে কি না, তা বোঝা যায় না। অনেক সময় সামনে থেকে গাড়ি চলে এলে বিপাকে পড়তে হয়। সড়কটি প্রশস্ত করা এবং বিপজ্জনক বাঁকগুলো সরলীকরণ করা হলে চালকদের জন্য চলাচল অনেকটা নিরাপদ হবে।’

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান পারভেজ বলেন, সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোর আশপাশে থাকা গাছপালা ও ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হবে। এতে চালকেরা দূর থেকেই বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পারবেন। পাশাপাশি যেসব স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড ও সংকেতচিহ্ন নেই, সেখানে দ্রুত প্রয়োজনীয় সংকেতচিহ্ন স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয়দের মতে, গাছপালা পরিষ্কার ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন সাময়িকভাবে ঝুঁকি কমালেও সমস্যার স্থায়ী সমাধান নয়। তিন কিলোমিটার সড়কের ২৭টি বাঁকের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো চিহ্নিত করে সেগুলো সংস্কার ও সরলীকরণ করতে হবে। পাশাপাশি সড়ক প্রশস্তকরণ, দৃষ্টিসীমা বাড়ানো এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি। তাঁদের আশঙ্কা, কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Feb2
Feb2