চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল জালিয়াতিতে গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:২৭ সন্ধ্যা
চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল জালিয়াতিতে গ্রেপ্তার ৩

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় বোর্ডের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে ১১ বিষয়ে পাস দেখানোর অভিযোগে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিক্ষা বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মচারী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)। বুধবার (১৮ নভেম্বর) রাতে সিআইডির ঢাকা সিরিয়াস ক্রাইম শাখার একটি দল তাদের গ্রেপ্তার করে। শনিবার বিষয়টি গণমাধ্যমে জানাজানি হয়।

সিআইডি সূত্র জানায়, ওই শিক্ষার্থী ১০ বিষয়ে অকৃতকার্য হলেও ফল জালিয়াতির মাধ্যমে তার ১১ বিষয়ের নম্বর পরিবর্তন করা হয়। গণিতে ৯ নম্বরের পরিবর্তে ৬৬, বাংলার প্রথম পত্রে ২৩-এর পরিবর্তে ৩৩, দ্বিতীয় পত্রে ২৪-এর পরিবর্তে ৬২ এবং ইংরেজির প্রথম ও দ্বিতীয় পত্রে যথাক্রমে ৩৩-এর পরিবর্তে ৮৩ ও ২০-এর পরিবর্তে ৮২ নম্বর দেখানো হয়।

এ ছাড়া ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর বসানো হয়।

সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাসেল জানান, ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কর্মীদের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জালিয়াতিতে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলে দুই দিন তদন্ত চালিয়ে চারটি কম্পিউটারে ফল জালিয়াতির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রোগ্রামার আবদুল মালেকেরও প্রাথমিক সংশ্লিষ্টতা শনাক্ত করা হয়।

গত ৩০ অক্টোবর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বাদী হয়ে পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন। মামলায় বোর্ডের স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী, মো. রাশেদুল ইসলাম, কম্পিউটার অপারেটর নূর হোসেন রায়হান এবং অভিযুক্ত শিক্ষার্থী হাসিবুল আলী শোভনকে আসামি করা হয়।

সিআইডি জানায়, মামলার এজাহারভুক্ত আসামি রাশেদুল ইসলাম আদালত থেকে জামিন নিয়েছেন। অন্যদিকে ইমতিয়াজ আহমেদ চৌধুরী, নূর হোসেন রায়হান ও শিক্ষার্থীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তার তিনজনকে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ মডেল থানায় রাখা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের ঢাকার সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সূত্র: দৈনিক আজাদী 

Feb2
Feb2