ট্রাম্পের নতুন শুল্কের নিশানায় ভারত, চীনসহ ডজনখানেক দেশ
নিজেদের শিল্প খাতে সরকারি ভর্তুকি ও আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের ডজনখানেক দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, এসব দেশের সরকারি সহায়তার কারণে মার্কিন উৎপাদকরা আন্তর্জাতিক বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে চলা তদন্তের পর নতুন শুল্ক আরোপের বিষয়টি সামনে এসেছে। এ সপ্তাহে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। তবে হোয়াইট হাউস ও ইউএসটিআরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
নতুন শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ মার্চ। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারায় ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৬টি অর্থনীতির শিল্প ভর্তুকি নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। এ আইনে কোনো দেশের অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া গেলে দেশটির পণ্যে শুল্ক আরোপের ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।
ইউএসটিআরের প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মতে, সরকারি ভর্তুকির কারণে সংশ্লিষ্ট দেশগুলোতে প্রয়োজনের তুলনায় বেশি উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। এসব দেশের প্রতিষ্ঠানগুলো কম দামে পণ্য রপ্তানি করে বিশ্ববাজারে সরবরাহ বাড়াচ্ছে। এতে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়ছে।
প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে সংশ্লিষ্ট দেশগুলোর অধিকাংশ রপ্তানি পণ্য এর আওতায় আসতে পারে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়িশিল্পের কিছু পণ্য বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ, এসব পণ্যের ওপর জাতীয় নিরাপত্তাসংক্রান্ত পৃথক আইনে আগে থেকেই শুল্ক আরোপ করা আছে। নতুন শুল্কের সুনির্দিষ্ট হার এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে গত জুলাইয়ে বিদেশি সরবরাহব্যবস্থায় জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে তদন্ত শেষ করে ইউএসটিআর। ওই তদন্তের ভিত্তিতে ১২টি বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের যৌক্তিকতা তুলে ধরা হয়। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের আওতায় থাকা ১৬টি অর্থনীতিই ওই তালিকায় ছিল। ফলে আগের প্রস্তাবিত শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক পরিকল্পনার মধ্যে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কয়েক মাস ধরে দুই দেশ একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। গত ফেব্রুয়ারিতে চুক্তির কাঠামো চূড়ান্ত হলেও পরবর্তী সময়ে মার্কিন সুপ্রিম কোর্টের শুল্কসংক্রান্ত রায়ের কারণে বিষয়টি আবার আলোচনায় আসে।
নতুন চুক্তির মাধ্যমে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশের তুলনায় মার্কিন বাজারে নিজেদের পণ্যের জন্য কম শুল্কসুবিধা নিশ্চিত করতে চাইছে ভারত।



আপনার মতামত লিখুন