সরকার গঠনের শর্তে হামাসকে ‘সন্ত্রাসী’ বলবেন আরব দলের নেতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ সকাল
সরকার গঠনের শর্তে হামাসকে ‘সন্ত্রাসী’ বলবেন আরব দলের নেতা

ইসরায়েলে নতুন সরকার গঠনের জোটে যুক্ত হতে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আরব দল রা’আমের প্রধান মনসুর আব্বাস।

শুক্রবার (২৭ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, আগামীকাল শনিবার হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক অনুষ্ঠানে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতে পারেন তিনি।

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট সরকার গঠনের চেষ্টা করছে। জোটে যোগ দিতে হলে প্রতিটি দলকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি এবং সংগঠনটিকে ধ্বংসের প্রতিশ্রুতি দিতে হবে—এমন শর্ত দিয়েছেন আইজেনকোট।

২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের ক্ষমতাসীন জোটের অংশ ছিল রা’আম। তবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি না দেওয়ায় নতুন জোটে দলটির অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আব্বাসের সম্ভাব্য ঘোষণার পরও জোটে যোগদান নিশ্চিত নয়। আরব পৌরসভাগুলোতে অপরাধ দমনসহ কয়েকটি বিষয়ে নিশ্চয়তা চাইছে তার দল।

এদিকে আব্বাসের সম্ভাব্য ঘোষণাকে ‘লোক দেখানো’ বলে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মিত্ররা। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের অভিযোগ, আইজেনকোটকে ধোঁকা দিয়ে সরকারে প্রবেশের চেষ্টা করছেন আব্বাস।

আইজেনকোটের হাতে সরকার গঠনের সময় রয়েছে আর মাত্র নয় দিন। রা’আম ও ইউনাইটেড তোরাহ জুডাইজমসহ কয়েকটি দলের সমর্থন নিয়ে জোট গঠনের চেষ্টা করছেন তিনি।

Feb2
Feb2