নিরাপত্তাকর্মীদের অচেতন করে দুই হাজার ভরী স্বর্ণালংকার চুরি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৫৫ বিকাল
নিরাপত্তাকর্মীদের অচেতন করে দুই হাজার ভরী স্বর্ণালংকার চুরি

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিং মলে অবস্থিত পূরবী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে সংঘটিত এ ঘটনায় প্রায় ২ হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন দোকানমালিক।

ঘটনার পর দোকানের নিরাপত্তাকর্মীদের ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ ঘটনায় চারজন নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। তবে আরও দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

দোকানমালিক অমিত ঘোষ জানান, চোরেরা দোকানে থাকা বিপুল পরিমাণ অলংকার ও নগদ টাকা নিয়ে গেছে। দোকানের জ্যেষ্ঠ বিক্রয়কর্মী সঞ্জীব শীল ও বিক্রয়কর্মী জুবায়ের আহমেদের কাছ থেকেও ঘটনার বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে।

পুলিশের ধারণা, চুরির ঘটনায় নিরাপত্তাকর্মীদের কেউ কেউ জড়িত থাকতে পারেন। এমনকি দায়িত্বে থাকা কর্মীদের খাবারের সঙ্গে অচেতন করার মতো কিছু মেশানো হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে চুরির কাজে অংশ নিতে দেখা গেছে। আরও দুজনের উপস্থিতি নিয়েও সন্দেহ রয়েছে। ফুটেজে এক নিরাপত্তাকর্মীকে বাইরের লোকজনকে ভেতরে প্রবেশে সহায়তা করতে দেখা গেছে। চোরদের একজন সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ঘটনার তদন্ত চলছে। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

দোকানটিতে এর আগেও একই ধরনের চুরির চেষ্টা হয়েছিল বলে জানা গেছে। কয়েক বছর আগে মিষ্টির সঙ্গে কিছু মিশিয়ে নিরাপত্তাকর্মীকে অচেতন করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এবারের ঘটনায়ও খাবারের মাধ্যমে নিরাপত্তাকর্মীদের অচেতন করার কোনো পরিকল্পনা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Feb2
Feb2