দ্রব্যমূল্য বৃদ্ধি ও মাজারে হামলার প্রতিবাদে আহলে সুন্নাতের বিক্ষোভ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাজার ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার কাউন্সিল অধিবেশন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা আবুল কাশেম নূরী বলেন, জ্বালানি তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম অর্থনৈতিক চাপে রয়েছেন। পাশাপাশি খুন, গুম, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। মাজার ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

কাউন্সিলে বক্তারা বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ আল্লামা সৈয়দ খোরশিদ আলমকে সভাপতি, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আলকাদেরীকে সাধারণ সম্পাদক এবং মাওলানা করিম উদ্দিন নূরীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ খোরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আনম মাসউদ হোসাইন আলকাদেরী। এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
কাউন্সিল শেষে দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি ও মাজারে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম-রাঙামাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।



আপনার মতামত লিখুন