চট্টগ্রামে দিনভর ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা সোয়া লাখ টাকা
চট্টগ্রাম মহানগরীতে দিনভর অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আাদালত। অভিযানে আইন অমান্য করায় ২৪টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১লাখ ২৭হাজার ৬শত টাকা জরিমানা করেন আদালত।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে নগরীর বিভিন্নস্থানে অভিযানে নামে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। বিকেল
বিকেল ৩টা পর্যন্ত চলে অভিযান।
এছাড়া বিকেল থেকে আরো ৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কোতোয়ালি, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুশফিকীন নূর। তিনি দ্রব্যমূল্য মনিটরিং এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করা,ব্যক্তিগত সুরক্ষা ব্যবহারে জনগণকে উৎসাহিত করেন। এসময় ৪টি মামলায় ১হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।
হালিশহর, আকবরশাহ ও পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ৩টি মামলায় ১হাজার ৭শত টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন।
সকাল ৯টা হতে দুপুর ২টা অবধি বায়েজিদ, খুলশী ও পাঁচলাইশ এলাকায় করোনা সচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়। এই সময় শেরশাহ এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ১২ টি মামলায় ১ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় জানান, শেরশাহ এলাকার বাজার মালিক সমিতিকে সতর্কবার্তা এবং মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই এলাকার খেলার মাঠে নিয়মিত খেলাধুলা ও আড্ডা দেওয়ার অভিযোগ থাকায় সকল ধরণের খেলাধুলা ও আড্ডা নিষিদ্ধ করে সাইনবোর্ড লাগানো হয়।
চাঁন্দগাও,চকবাজার, বাকলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩হাজার টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।
তিনি বলেন, বিকেল ৫ টার পর ফার্মেসী ব্যতীত অন্যান্য দোকান বন্ধ রাখার নির্দেশনা ও চান্দগাঁও এলাকায় টিসিবির, সামাজিক দুরত্ব বজায় রেখে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ মনিটর করা হয়।
এছাড়া নগরীর বন্দর, ইপিজেড, পতেঙ্গা থানায় করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব প্রতিরোধে, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ও বাজার মনিটরিং নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। তিনি ১টি মামলায় ২হাজার টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন