বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়াল
বিশ্বে প্রাণঘাতী করেনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশগুলোতে। এ ছাড়া আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা কোটি ছাড়িয়েছে।
শনিবার রাত ১২ টার পরে করোনার হিসাব রাখা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের ওয়েবসাইটে দেখা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ লাখ ৫৮১ জন মারা গেছেন। পাশাপাশি
করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৫৯ হাজার ৯৬৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৪ লাখ ৫১ হাজার ৫০৩ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৯৬ হাজার ৩৬৪ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। তবে দশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৭৮ হাজার ৯৭৬ জন।
করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখ ১৫ হাজার ৯৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৫৭ হাজার ১০৩ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ১৫ হাজার ৯০৫ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া আর চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। রাশিয়ায় মোট ৬ লাখ ২৭ হাজার ৬৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে আর দেশটিতে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৬৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৩৬২ জন। ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন আর করোনায় মৃত্যু হয়েছে ১৬ হাজার ১০৩ জনের এবং ৩ লাখ ১০ হাজার ১৪৬ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
সেদিক থেকে করোনায় বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৭ নম্বরে। দেশে এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৫ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৫৪ হাজার ৩৫৮ জন।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন