রাক্ষুসে পিরানহা মাছ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা,এক মেট্রিক টন মাছ জব্দ
চট্টগ্রাম মহানগরীর ফিসারিঘাটের মাছের আড়তে নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এক মেট্রিক টন পিরানহাসহ একটি ট্রাক জব্দ করা হয়।
শনিবার (১৮ জুলাই) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে ফিশারীঘাটে অভিযান চালানো হয়। এসময় কয়েকটি ট্রাকে তল্লাশি করে একটিতে এক মেট্রিক টন এবং ব্যবসায়ী মুমিন সওদাগরের দোকান থেকে ২শ কেজি পিরানহা মাছ পাওয়া যায়।
নিষিদ্ধ এ মাছ বিক্রি করার অপরাধে মুমিনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মালিক না পাওয়ায় ট্রাক জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, পিরানহা মাছটি অনেকটা রুপচাঁদা মাছের মতো দেখতে কিন্তু এটি রাক্ষুসে স্বভাবের। এদের ছোট চোয়াল হলেও ত্রিভুজাকৃতির ক্ষুরের মতো ধারালো দুইপাটি দাঁত আছে। দেশিয় প্রজাতির মাছের প্রজনন ও মৎস্য জীববৈচিত্রের জন্য ভয়ানক হুমকি এই পিরানহা ও আফ্রিকান মাগুর মাছের পোনা।
দেশের বিভিন্ন জেলা সাতক্ষীরা, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর ও ভারত থেকে চট্টগ্রামের ফিসারীঘাটের আড়তে পিরানহা মাছ ও আফ্রিকান মাগুর মাছগুলো আসতো বলে জানান তিনি।
অভিযানে জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো আনোয়ারুল আমীন, আবুল কালাম আজাদ, কামাল উদ্দিন, কোস্টগার্ডের পতেঙ্গা পুর্ব জোনের সিপিও শফিউল্লাহ ও সিএমপি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন