লোহাগাড়ায় আদালতের আদেশ অমান্য করে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সদর ইউনিয়নের নেয়াজের পাড়ার মৃত কবির আহমদের পুত্র অাব্দুল কাদের নামের এক ব্যক্তি ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা অমান্য করে পাকা বাউন্ডারী ওয়াল নির্মাণ করে বিরোধীয় জায়গা দখল করার অভিযোগ তুলেছেন একই এলাকার মৃত হাকিম মিয়ার পুত্র সাহাব মিয়া।
ভূক্তভোগী সাহাব মিয়া জানান, বিরোধীয় জায়গা নিয়ে ২০১৬ সালে লোহাগাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আব্দুল কাদেরকে বিবাদী করে মামলা (নং-২১৬/২০১৬ইং) দায়ের করেছিলেন।
গ্রাম আদালতের বিচারক উভয় পক্ষের দফায় দফায় শুনানীশেষে উক্ত সম্পত্তিতে কোন প্রকার হস্তক্ষেপ না করার জন্য বিবাদীগণকে আদেশ দেন। কিন্তু বিবাদীগণ গ্রাম আদালতের এ আদেশ অমান্য করে বারবার জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করেন। তাই তিনি নিরুপায় হয়ে গত ২৩ আগষ্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম (দক্ষিণ) এ মিছ মামলা (নং-৭০৯/২০) দায়ের করেন।
এতে ওই এলাকার মৃত কবির আহমদের পুত্র আব্দুল কাদের, তাঁর পুত্র মো: বাবুল, মো: সাবলু ও মো: লালুকে বিবাদী করা হয়। মামলার এজাহার সূত্রে প্রকাশ, লোহাগাড়া মৌজার বিএস ১২৬৪ নম্বর খতিয়ানের ৯৬৬৮ নম্বর দাগের ১১শতক ও ৯৬৭১ নম্বর দাগের ৭ শতক বিরোধীয় সম্পত্তিতে বিবাদীগণ উক্ত সম্পত্তির উপর গত ২১ আগষ্ট ইট, বালু ও সিমেন্ট এনে জড়ো করিতে থাকে।
এসময় বাদী ও তাঁর সাক্ষীগণ বাঁধা দিলে বিবাদীগণ যেকোন সময় যেকোন উপায়ে জোরপূর্বক উক্ত বিরোধীয় জায়গা দখল করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এছাড়াও উক্ত বিরোধীয় সম্পত্তি দখল নিয়ে বাদী-বিবাদীর মধ্যে খুন-খারাবীসহ রক্তপাতের সমূহ সম্ভবনা রয়েছে এবং এমতাবস্থায় ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা মতে কার্যক্রম গ্রহণ করা একান্ত আবশ্যক। উক্ত মিছ মামলার প্রেক্ষিতে গত ২৩ আগষ্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (চট্টগ্রাম দক্ষিণ) আদালতে বিরোধীয় নালিশী ভূমিতে পক্ষদ্বয়ের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৩৯৪ নং স্বারকমূলে ওসি লোহাগাড়া থানাকে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী গত ২৫ অাগষ্ট বিরোধীয় জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে লিখিত নোটিশ দেন। কিন্তু বিবাদীগণ নোটিশ প্রাপ্তির পরদিনই বহিরাগত ২০/২৫ জন লোক জড়ো করে পাকা বাউন্ডারী ওয়াল নির্মাণ করে বিরোধীয় জায়গাটি দখল করে নিচ্ছে বলে অভিযোগ তুলেন ভূক্তভোগী সাহাব মিয়া।
এ ব্যাপারে জানতে আব্দুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার দীর্ঘদিনের দখলীয় জায়গায় বাউন্ডারি ওয়াল নির্মাণ করছি। থানার নোটিশ পাওয়ার পরও কেন নির্মাণ কাজ করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ কাজ না করার জন্য নিষেধ করেননি।
এ ব্যাপারে লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী দাশ গুপ্ত বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিরোধীয় জায়গায় কোন প্রকার কাজ না করার জন্য উভয়রপক্ষকে নোটিশ দিয়ে বলা হয়েছে। কিন্তু শুনলাম আব্দুল কাদের নির্মাণ কাজ চালাচ্ছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন