করোনায় মারা গেলেন চবি’র সাবেক উপাচার্য নূরুদ্দিন
করোনায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য এজেএম নুরুদ্দীন চৌধুরী(৭০)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, “উনার করোনাভাইরাস পজিটিভ ছিল। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।”
মৃত্যুকালে তিনি স্ত্রী হাসিনা বেগম ও তিন সন্তান ড. মেসবাহউদ্দীন চৌধুরী, নায়েমা সাদিয়া ও আদিবা নাজিয়াকে রেখে গেছেন।
জানা যায়, গত ১৫ আগস্ট করোনার উপসর্গ থাকায় এজেএম নুরুদ্দীন চৌধুরীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
অধ্যাপক এজেএম নুরুদ্দীন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৭২ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও পরে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্ব যেমন বিভাগীয় ডিন, চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ উপাচার্য হিসেবে ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরী।
আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের দামপাড়াস্থ জমিয়াতুল ফালাহ মসজিদে বাদে জোহর সাবেক উপাচার্য নুরুদ্দীন চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাবেদ হোসেন।
২৪ ঘণ্টা/আসগর


আপনার মতামত লিখুন