করোনায় ভাষাসৈনিক ডা. মির্জা মাজহারুলের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৫:২৮ সন্ধ্যা
করোনায় ভাষাসৈনিক ডা. মির্জা মাজহারুলের মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক উপমহাদেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও কিংবদন্তি সার্জন অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম করোনাভাইরাসে (কভিড -১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

মির্জা মাজহারুলের ভাতিজা মির্জা তোফাজ্জল জানান, বারডেমে জানাজা শেষে এই ভাষাসৈনিককে বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

মির্জা মাজহারুল ঢাকা মেডিকেল কলেজের ১ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি সোসাইটি অব সার্জন অব বাংলাদেশের (এসওএসবি) সভাপতির দায়িত্বে ছিলেন।

ভাষা আন্দোলনে বিশেষ অবদান রাখার জন্য তাকে ২০১৮ সালে একুশে পদকে ভূষিত করা হয়।

মির্জা মাজহারুল ইসলাম টাঙ্গাইলের কালিহাতীতে ১৯২৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

১৯৫৪ সালে অনারারি হাউজ সার্জন হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মজীবন শুরু করেন মির্জা মাজহারুল ইসলাম। পরে ময়মনসিংহ, চট্টগ্রাম ও ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল হিসেবেও দায়িত্ব পালন করেন। জহুরুল ইসলাম মেডিকেল কলেজের উপদেষ্টা হিসেবে কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি।

ডা. মাজহারুল ১৯৯৩ সাল থেকে বারডেম সার্জারি বিভাগে মুখ্য উপদেষ্টা হিসেবে ছিলেন। দুবার বারডেমের অবৈতনিক মহাপরিচালকের দায়িত্বও পালন করেন। তিনি এত বেশি সার্জারি করেছেন যা এই উপমহাদেশে একটি রেকর্ড।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2
Feb2