বঙ্গোপসাগরে লাইটার জাহাজের ইঞ্জিন রুমে আগুন, ১৪ নাবিক উদ্ধার
চট্টগ্রাম ডেস্ক : সন্দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে নোঙরে থাকা অবস্থায় একটি লাইটার জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে।
তাছাড়া জাহাজটিতে ফুটো হয়ে পানি ঢুকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে জাহাজে থাকা ১৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ডের টহল টিম।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উদ্ধারকৃত ব্যক্তিদের জাহাজের মালিক মো. করিম বেপারি ও তাদের পরিবারের কাছে হাস্থান্তর করার তথ্য জানিয়েছে কোস্ট গার্ড।
এর আগে গতকাল সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে বঙ্গোপসাগরে টহলরত কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা তাদেরকে উদ্ধার করেছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বঙ্গোপসাগরের মোহনার সন্দ্বীপের কাছে ২ হাজার টন গম বোঝাই লাইটার জাহাজ এম ভি কারিনা-১ বিপদে পড়েছে, এমন খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের টহলরত জাহাজ বিসিজিএস শ্যামল বাংলা দ্রুত ঘটনাস্থলে যায়।
ইঞ্জিন রুমে আগুন লাগা জাহাজটিতে হতাহতের ঘটনার আগেই জাহাজে থাকা ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত নাবিকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তী কার্যক্রম গ্রহনের জন্য বিসিজি বার্থ পতেঙ্গায় নিয়ে যাওয়া হয়।
২৪ ঘণ্টা/রিহাম


আপনার মতামত লিখুন