চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ভিখারি শাহেদ অস্ত্রসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের ডবলমুরিংয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মো. শাহেদ ওরফে ভিখারিকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার (১৩ জুন) ভোরে আগ্রাবাদ পানওয়ালাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, ভিখারি অত্যন্ত ধূর্ত ও ভয়ঙ্কর সন্ত্রাসী। ডবলমুরিং থানার শীর্ষ মাদক ব্যবসায়ীও সে। কিশোরদের নিয়ে তার একটি গ্যাংও আছে। বিভিন্ন স্থান থেকে মাদক এনে আগ্রাবাদ এলাকায় বিলি করতো।
এই মাদক বিক্রির জন্য তার আলাদা ১২ থেকে ১৪ জনের দল আছে। কেউ তার বিরুদ্ধে বা মাদকের বিরুদ্ধে কথা বললে কিশোর গ্যাং লেলিয়ে দেয়। তার দলের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।ওসি মহসীন আরও বলেন, সর্বশেষ ব্যাপারীপাড়া এলাকায় মাদকবিরোধী কমিটি করায় কমিটির সদস্যদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ভিখারির বাহিনী। তার বাহিনী ছিনতাইয়ের সাথেও জড়িত। ভিখারির একাধিক বান্ধবী আছে। এসব বান্ধবী বিভিন্ন মানুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর সুযোগ বুঝে ঘরে এনে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়।
এসব বান্ধবীকে কনভিন্স করতে সে বুকে ব্লেড দিয়ে কেটে তাদের নাম লিখে! ভিখারির শৈশব খুব আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যায়। তাই তার বন্ধুরা তাকে ভিখারি নাম দেয়। কিন্তু এখন সেই বন্ধুরাই তাকে ‘বস’ ডাকে। তার বাহিনীর কয়েক সদস্য তারই বন্ধু। তার বেতনভুক্ত বেশ কয়েকজন কর্মচারী আছে। যাদের দায়িত্ব পুলিশ আসলেই তাকে তথ্য দেওয়া। এ কারণেই তাকে ধরতে বেশ বেগ পেতে হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। এর আগে ভিখারি বিভিন্ন মামলায় ৫ বার গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার ভিখারি ও তার ৩ পলাতক সহযোগীর বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা রুজু করা হয়েছে
২৪ঘণ্টা/রানা


আপনার মতামত লিখুন