সংসদীয় কমিটির সভাপতি হলেন ওয়াসিকা খান
ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খানকে বিদ্যুত, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।
সোমবার(১৪ জুন) সংসদ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংসদের চীফ হুইপ নুর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পূণর্গঠনের প্রস্তাব দিলে তা গৃহিত হয়।
এ ছাড়াও নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারকে করা হয়েছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি।
এর আগে তিনি বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। সোমবার তা পরিবর্তন করে সেখানে সংরক্ষিত আসনের এমপি ওয়াসিকা আয়শা খানকে সভাপতি করা হয়েছে।
এই দুটি সংসদীয় কমিটি ছাড়াও এদিন ধর্ম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও পুনর্গঠন করা হয়েছে।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে নতুন করে সেলিম আলতাফ জর্জ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আর ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। অবশ্য ধর্ম মন্ত্রণালয় কমিটির সদস্য মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর স্থলে কাউকে স্থলাভিষিক্ত করা হয়নি।
সদ্য মৃত্যুবরণকারী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আসলামুল হক এর স্থলে সংরক্ষিত আসনের কানিজ ফাতেমা আহমেদ সদস্য মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, বেগম ওয়াসিকা আয়শা খান জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আতাউর রহমান খান(দ কায়সার’র কন্যা। তাঁর জন্মস্থান দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।
তারঁ এই পদায়নে আনোয়ারাসহ চট্টগ্রাম আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
২৪ ঘণ্টা/পায়েল


আপনার মতামত লিখুন