আমেরিকান কনক্রিট ইনস্টিটিউটের স্টুডেন্ট প্রজেক্টস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েট
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
আবারো আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের দ্যুতি দেখিয়েছে চুয়েটের শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই)-এর উদ্যোগে আয়োজিত কনক্রিট প্রজেক্টস প্রতিযোগিতায় অংশ নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের ‘১৫ ব্যাচের ৩টি দল সবকটি পুরস্কার অর্জন করেছে। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- মো. মাহফুজুল ইসলাম ও ইমতিয়াজ ইবনে গিয়াস। একইসাথে প্রতিযোগিতায় এজাজ আহমেদ ও সৈয়দ মারুফ-উল হাসানের দল প্রথম রানারআপ এবং জান্নাতুল ফেরদৌস সোনিয়া ও তাবাসসিমা ফারিয়ার দল দ্বিতীয় রানারআপ পুরষ্কার অর্জন করেছে।
অর্থাৎ এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে চুয়েটের পুরকৌশল বিভাগ। ২৭ জুলাই (মঙ্গলবার) মধ্যরাতে যুক্তরাষ্ট্রের এসিআই সদর দপ্তর থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উক্ত ফলাফল ঘোষণা করা হয়। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত প্রজেক্টগুলো হতে “ব্লাইন্ড রিভিউ” পদ্ধতিতে পাঁচজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক প্রতিযোগিতার বিজয়ী নির্বাচন করেন। উল্লেখ্য, গত ২০২১ সনের মার্চে এসিআই বিশ্বব্যাপী ভার্চুয়ালি এই প্রতিযোগিতার ঘোষণা দেয়। চুয়েট হতে প্রাপ্ত প্রজেক্টগুলো থেকে প্রাথমিক যাচাই-বাছাই করে মে মাসে ৪টি প্রজেক্ট অনলাইনে এসিআই সদর দপ্তরে জমা করা হয়। প্রসঙ্গত, বিশ্বের প্রায় ২৫০টি দেশে এসিআই-এর স্টুডেন্ট চ্যাপ্টার কার্যক্রম পরিচালনা করে আসছে। চ্যাম্পিয়ন দল পুরষ্কার হিসেবে ৭৫০ মার্কিন ডলার এবং একটি আন্তর্জাতিক সনদপত্র পাবে। অন্যদিকে প্রথম রানারআপ দল ৫০০ মার্কিন ডলার এবং দ্বিতীয় রানারআপ দল ২৫০ মার্কিন ডলারের পাশাপাশি একটি করে সনদপত্র পাবে।
আন্তর্জাতিক অঙ্গনে চুয়েটের এমন অপ্রতিরোধ্য সাফল্যে শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। একইসাথে পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
২৪ঘণ্টা/রাসেল


আপনার মতামত লিখুন