লোহাগাড়ায় মসজিদের জায়গায় গ্যালারী নির্মাণের অভিযোগ
ডেস্ক নিউজ :
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় দরবেশ হাট এলাকায় আহমদ রহমান ওয়াক্ফ এস্টেটের মসজিদের জায়গা কোন প্রকার অধিগ্রহণ না করে অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামের গ্যালারী নির্মাণের অভিযোগ উঠেছে।উপজেলা চেয়ারম্যান, স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী এবং স্থানীয় আবু তাহের যোগসাজসে সরকারি অর্থ এবং ওয়াকফ এস্টেটের জায়গা আত্মসাৎ করতে এ গ্যালারী নির্মাণ করছে আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আহমদ রহমান ওয়াকফ এস্টেটের আওলাদ মোহাম্মদ শাহজাহান এমন অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহজাহানের স্ত্রী আমেনা বেগম।
মোহাম্মদ শ্হাজাহান বলেন, নিঃসন্তান আহমদ রহমান তার ৬ কানি ৭ গন্ডা জায়গা মৃত্যুর পূর্বে স্থানীয় একটি মসজিদের নামে ওয়াক্ফা করে তার আপন ভাই অর্থাৎ আমার দাদা ইসমাইল সরকারকে ভোগ দখলদার থেকে যাবতীয় কাজ করার নির্দেশ দেন। বর্তমানে আমরা ৫ ভাই ওই ওয়াক্ফ এস্টেটের ভোগ দখলদার।শাহজাহান অভিযোগ করে বলেন, আমার ভাই আবু তাহের ও নেজাম উদ্দিন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক বাবুলকে নিয়ে জায়গাগুলো আত্মসাতে নেমেছে। বর্তমানে ৬ কানি ৭ গন্ডা জায়গার অবৈধভাবে দখল হয়ে গেছে।উপজেলা চেয়ারম্যান ওয়াক্ফ এস্টেটের জায়গায় অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়াম স্থাপনের জন্য নিজ নামে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এজন্য সরকারি অর্থ বরাদ্দ গ্রহণ করে গ্যালারী নির্মাণের কাজ চলছে।
শাহজাহানের স্ত্রী আমেনা বেগম বলেন, ভূমি অধিগ্রহণ ছাড়া ওয়াক্ফ এস্টেটের জায়গা ব্যবহারে আমার স্বামী বাধা দিলে ইয়াছমিন আক্তার নামে জনৈক ইয়াবা ব্যবসায়ী নারীকে দিয়ে তার বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করে। মামলাটি বিচারাধীন রয়েছে। আমার স্বামীকে উপজেলা চেয়ারম্যানের ভূমিদস্যু চক্রটি প্রতিনিয়ত হত্যার জন্য হুমকি দিচ্ছে। কয়েকবার মারধর করেছে। তিনি পলাতক জীবন যাপন করছে।তিনি বলেন, আমরা মানবেতর জীবন যাপন করছি।এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
২৪ঘণ্টা/রাসেল


আপনার মতামত লিখুন