রেকর্ড দল বদলে চেলসিতে লুকাকু
এত দিন ইংলিশ ক্লাব চেলসির সবচেয়ে বেশি দামে কেনা প্লেয়ার ছিলেন কাই হ্যাভার্জ। জার্মান ফুটবলারকে কিনতে ব্লুজরা খরচ করেছিল ৮২ মিলিয়ন ইউরো। দল বদলের সেই রেকর্ডকে ভেঙে দিয়ে ১১৫ মিলিয়ন ইউরোয় শুক্রবার চেলসির সঙ্গে চুক্তি করেছেন রোমেলু লুকাকু।
রোমেলু লুকাকুকে দলে ভেড়ানোর বিষয়টি অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে চেলসি।
চেলসিতে এসে লুকাকু বলেন, ‘এখানে আমি ছোট এক শিশু হিসেবে এসেছিলাম। এসেছিলাম অনেক কিছু শিখতে। আবার আমি ফিরে এসেছি, এখন এসেছি অনেক অভিজ্ঞতা আর ম্যাচিউরিটি নিয়ে।’
উল্লেখ্য, রোমেলু লুকাকু গত কয়েক বছর ধরে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ক্লাব ও জাতীয় দলের হয়ে। সবশেষ দুই মৌসুমে ইন্টার মিলানেই তিনি করেছেন ৬৪ গোল। ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মৌসুমে করেছিলেন ৪২ গোল। তিনি বেলজিয়াম জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতাও বটে। ৯৮ ম্যাচে ৬৪ গোল করেছেন তিনি। এক বছরে বেলজিয়ামের হয়ে রেকর্ড ১৪টি গোলও করেছেন তিনি।
প্রায় এক দশক আগে চেলসির আঙিনায় এসেছিলেন লুকাকু। অ্যান্ডারলেখট থেকে চেলসিতে এসে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ধারে খেলতে চলে যান ওয়েস্ট ব্রোম ও এভারটনে। পরে এভারটনের সঙ্গে স্থায়ীভাবে চুক্তিই করে ফেলেন তিনি। এবার যখন সেই চেলসিতে এলেন, লুকাকু তখন ফর্মের তুঙ্গে। গত মৌসুমেই ইন্টার মিলানকে লিগ শিরোপা জেতাতে ৩৪ ম্যাচে ২৪ গোল করেছেন তিনি।
লুকাকু পেছনে ফেলেছেন নেইমার জুনিয়রের ফুটবল ক্যারিয়ারের সর্বমোট ট্রান্সফার মূল্যকে। নেইমারের পেছনে ক্যারিয়ারজুড়ে খরচ হয়েছে ৩১০ মিলিয়ন ইউরো। চেলসিতে আসায় লুকাকোর পেছনে সব মিলিয়ে খরচ হলো ৩২৮ মিলিয়ন ইউরো। স্পোর্টিং লিসবন ছাড়ার পর এখন পর্যন্ত ক্রিস্টিয়ারো রোনালদোর পেছনে খরচ হয়েছে ২৩০ মিলিয়ন ইউরো।
রোমেলু লুকাকু তার ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি লিগ শিরোপা জিতেছেন। ২০১৯-২০ মৌসুমে ইন্টার মিলানের হয়ে ইউরোপা লিগের ফাইনালেও খেলেছিলেন তিনি, তবে শিরোপার স্বাদ আর নেওয়া হয়নি তার। বেলজিয়াম জাতীয় দলের সঙ্গে তিনি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও খেলেন।
এন-কে


আপনার মতামত লিখুন