ঢাকায় পৌঁছেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার
লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার। ঢাকায় আসা ওই দুই ক্রিকেটার হলেন কলিন ডি গ্র্যান্ডহোম আর ফিন অ্যালেন। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ’দ্য হান্ড্রেড’ খেলে ঢাকায় পা রাখেন তারা।
শুক্রবার (২০ আগস্ট) সকালে এই দুই কিউই ক্রিকেটারকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আগামী ২৪ আগস্ট নিউজিল্যান্ড দলের বাকি সদস্যদের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
দল পৌঁছানোর আগে বাংলাদেশের কোভিড প্রটোকল ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে এসেছে দুই সদস্যের একটি পর্যবেক্ষক দল। পর্যবেক্ষক দলে আছেন একজন কোভিড প্রটোকল ম্যানেজার এবং একজন নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা। গত মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশে এসে পৌঁছান তারা। তিনদিনের কোয়ারেন্টাইন পালন শেষে কাজ শুরু করার অপেক্ষায় আছেন তারা। কোভিড প্রোটোকল এবং সুরক্ষার বিষয়গুলো নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানাবে তারা। এরপরই ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল।
আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোর সময় এগিয়ে আনা হয়েছে। সন্ধ্যায় শুরু হওয়ার কথা থাকলেও সফরকারী দলের দর্শকদের কথা মাথায় রেখে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
এই সফরের জন্য ইতোমধ্যে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দল ঘোষণা করে বোর্ড। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব।
এন-কে


আপনার মতামত লিখুন