সংকটে কমল টয়োটার গাড়ি উৎপাদন
যন্ত্রাংশ আর চিপ সংকটের কারণে সারাবিশ্বে ব্যাহত হচ্ছে গাড়ির উৎপাদন। এবার একই সংকটে উৎপাদন লক্ষ্যমাত্রা কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।
টয়োটা মটোকর্প বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ শতাংশ কমিয়েছে। করোনার কারণে ভিয়েতনাম আর মালয়েশিয়ার যন্ত্রাংশ কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হওয়ায় অন্তত ৩ লাখ গাড়ি চলতি বছর কম উৎপাদন করবে টয়োটা।
সারাবিশ্বেই করোনার কারণে চলছে যন্ত্রাংশ সংকট। টয়োটা কর্তৃপক্ষ বলছে, সেমিকন্ডাক্টার সংকটের কারণেও ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম।
যন্ত্রাংশ ও চিপ ঘাটতির কারণে ভিয়েতনাম ও মালয়েশিয়ার কারখানাগুলোতে গাড়ি উৎপাদন কমিয়েছে টয়োটা। এ পদক্ষেপের অংশ হিসেবে চলতি ব্যবসায়িক বছরের ১ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত উৎপাদন লক্ষ্যমাত্রার ৩ শতাংশ কমিয়েছে জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটি। নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী, সংস্থাটি এ বছর ৯০ লাখ গাড়ি উৎপাদন করবে।
উৎপাদন লক্ষ্যমাত্রা সংশোধনের পর টয়োটা জানিয়েছে, করোনার সংক্রমণ বাড়ায় এবং চিপ ঘাটতির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ মুহূর্তে করোনার সংক্রমণ বাড়ায় টয়োটার গাড়ি উৎপাদনে ধ্বংসাত্মক প্রভাব ফেলছে।
করোনা মহামারি শুরুর পর থেকেই বিশ্বের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান উৎপাদন কমাতে বাধ্য হয়েছিল। তবে টয়োটা এতদিন পর্যন্ত উৎপাদন কমানোর বিষয়টি এড়াতে সক্ষম হয়েছিল। ২০১১ সালে উত্তর-পূর্ব জাপানের ভয়াবহ ভূমিকম্পে উৎপাদন ব্যাহত হওয়ার পর মূল যন্ত্রাংশগুলো মজুদ শুরু করেছিল টয়োটা।
গতকাল জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটির এ ঘোষণার পর একটি বিষয় স্পষ্ট, বৈশ্বিক গাড়ি শিল্পের কোন অংশই মহামারির প্রভাব থেকে রক্ষা পায়নি। মহামারি একদিকে বিক্রি কমিয়ে দিয়েছে এবং অন্যদিকে, চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে গাড়ি উৎপাদনকে বাধাগ্রস্ত করছে।
আগস্টে বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীনে গাড়ির বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় এক-পঞ্চমাংশ কমে গেছে। কারণ গ্রাহকদের কেনার জন্য যানবাহনের পর্যাপ্ত সরবরাহ ছিল না। টয়োটা এখন ২০২২ সালের ৩১ মার্চ শেষ হতে যাওয়া অর্থবছরে ৯০ লাখ গাড়ি উৎপাদনের আশা করছে। যেখানে এ সময়ে সংস্থাটি ৯৩ লাখ গাড়ি উৎপাদনের লক্ষ্য নিয়েছিল।
গাড়ি উৎপাদন কমালেও সংস্থাটি ব্যবসায়িক বছরে ২ হাজার ২৭০ কোটি ডলার পরিচালন মুনাফার পূর্বাভাস আগের লক্ষ্যমাত্রাতেই আছে। এর আগে চলতি মাসেই সংস্থাটি বিশ্বজুড়ে ৩ লাখ ৬০ হাজার গাড়ি উৎপাদন কমিয়ে আনার ঘোষণা দেয়। সম্প্রতি টয়োটা জানিয়েছে, এ মাসে গাড়ি উৎপাদন আরো ৭০ হাজার এবং অক্টোবরে ৩ লাখ ৩০ হাজার ইউনিট কমানো হবে।
এন-কে


আপনার মতামত লিখুন