করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২৫
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ জন। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
সোমবার (৪ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ১ দশমিক ৫৩ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরের ২১ জন ও উপজেলার ৪ জন।
এ বিষয়ে জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১ জনের করোনা শনাক্ত হয়।
একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জন ও অ্যান্টিজেন টেস্টে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ এক হাজার ৮৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৭৫০ জন, বাকি ২৮ হাজার ১০০ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট ১ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৮৪ জনের।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
এন-কে


আপনার মতামত লিখুন