বোমা ফাটালেন এমবাপ্পে
ফুটবলের এবারের দলবদলে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কম আলোচনা হয়নি। শুরুতে শোনা গিয়েছিল, মেসি আসায় পিএসজি ছাড়তে চান ফরাসি এই ফরোয়ার্ড। এদিকে, এবার নতুন খবর দিলেন খোদ এমবাপ্পেই।
জানালেন, মেসিকে নেওয়ার আগেই পিএসজি ছাড়তে চেয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্লাব ছাড়ার কথা পিএসজিকে অনেক আগেই জানিয়েছিলাম। কারণ, আমি চাইনি হঠাৎ করে চলে গিয়ে কাউকে বেকায়দায় ফেলতে। চেয়েছিলাম ক্লাব যেন আমার পরিবর্তে মানসম্পন্ন বিকল্প খেলোয়াড় খুঁজে পেতে যথেষ্ট সময় পায় এবং আর্থিকভাবে লাভবান হয়।
গেল আগস্টে শেষ হওয়া চলতি মৌসুমের দলবদলের পুরোটা সময়জুড়েই জোর গুঞ্জন ছিল, পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন এমবাপ্পে। গণমাধ্যমের খবরে এমন মনে হয়েছিল যে, ক্লাব ছাড়া যেন এখন কেবল সময়ের ব্যাপার।
এমবাপ্পেকে দলে নিতে এবার প্রায় সব রকমের চেষ্টা করেছে রিয়াল মাদ্রিদ। পিএসজিই তাকে ছাড়তে চায়নি, একেবারেই যে ছাড়তে চায়নি এমনটাও না। তবে পিএসজি যে ধরনের প্রস্তাব পেয়েছিল সেটা নাকি এমবাপ্পের দল বদলের জন্য যথেষ্ট ছিল না। এ সম্পর্কে কদিন আগে পিএসজি পরিচালক লিওনার্দো বলেন, ‘আমরা আমাদের অবস্থান নিয়ে পরিষ্কার ছিলাম। এটা এমবাপ্পেকে বিক্রি করার জন্য যথেষ্ট ছিল না। তাকে আমরা যে পরিমাণ অর্থ দিয়ে কিনেছি তার চেয়েও কম। সর্বশেষ যে অংকের প্রস্তাবের গুঞ্জন চলেছে তা আমাদের কাছে এসে পৌঁছায়নি।’
দলবদলের শেষ দিন নাকি এমবাপ্পের জন্য ২০০ মিলিয়ন ইউরোই দিতে প্রস্তুত ছিলেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ! এমন গুঞ্জন এসেছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। তার আগে ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। কিন্তু তবুও এমবাপ্পেকে ছাড়েনি পিএসজি। শঙ্কা ছিল ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি ফেয়ার প্লের নীতিতে পড়তে পারেন উয়েফার তোপের মুখেও।
আগামী বছরের জুনে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে। তার আগে আগামী পহেলা জানুয়ারি থেকেই নতুন ঠিকানা বেছে নিতে পারবেন বিশ্বকাপজয়ী তারকা।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকার এমবাপ্পে বলেন, ‘আমি অনেক আগেই পিএসজি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। আগেভাগেই তাদেরকে জানিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম ক্লাব যেন দলবদলের অর্থ পায় এবং তারা মানসম্পন্ন বিকল্প আনতে পারে।’
ফরাসি এই তারকা বলেন, ‘এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। এখানে যে চার বছর কাটিয়েছি সবসময় আমার আনন্দে কেটেছে এবং এখনো সুখে আছি।’ তিনি বলেন, যদি ক্লাব আমাকে ছাড়তে না চায় তাহলে আমি থাকব।’
এদিকে, লিওনেল মেসির উচিত কিলিয়ান এমবাপ্পেকে শ্রদ্ধা করা- এমন মন্তব্য করেছেন ফ্রান্সের সাবেক ফুটবলার নিকোলাস আনেলকা। কারণ পিএসজি ক্যারিয়ারে মেসির চেয়ে এমবাপ্পের ক্যারিয়ার বেশি লম্বা।
এন-কে


আপনার মতামত লিখুন