বহদ্দারহাট ফ্লাইওভারের র‌্যাম্পের দুটি পিলারে ফাটল, যানচলাচল বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ১০:৫৯ সকাল
বহদ্দারহাট ফ্লাইওভারের র‌্যাম্পের দুটি পিলারে ফাটল, যানচলাচল বন্ধ

নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের চান্দগাঁও র‍্যাম্পে দুটি পিলারে ফাটল ধরার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে, পাশাপাশি বন্ধ রাখা হয়েছে সবধরণের যান চলাচল। এতে সৃষ্টি হয়েছে ব্যপক যানজট।

এদিকে, দুই পিলারের ফাটলের খবর পেয়ে রাতেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ও স্থানীয় দুই কাউন্সিলর এবং চান্দগাঁও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তাঁরাও পিলারের নিচের অংশে থাকা অস্থায়ী দোকান ও বিভিন্ন গাড়িগুলো সরিয়ে দেন। পাশাপাশি একটি পিলারের অংশে ব্যারিকেড দিয়েও রাখা হয়েছে।

এ বিষয়ে ৪ নং ওয়ার্ডের (চান্দগাঁও) কাউন্সিলর এসরারুল হক এসরাল বলেন, ইতিমধ্যে বিষয়টি মেয়র মহোদয়কে জানানো হয়েছে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পিলারের ফাটলের তিনটি ছবি ছড়িয়ে পড়ে। যা মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এর পরপরই নজরে আসে পুলিশ, কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের। নজরে আসার পরেই তাৎক্ষণিক যানচলাচল বন্ধ করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. শাহীন জানান, ফেসবুকের মাধ্যমে বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারে ফাটল ধরেছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আপাতত যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এন-কে

Feb2
Feb2