কাউন্সিলর রুমকি সেনের হয়রানি থেকে বাঁচতে ব্যবসায়ীদের মানববন্ধন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্তের হয়রানি থেকে বাঁচতে মানববন্ধন করেছেন তামাকুমণ্ডী লেইন মোবাইল ব্যবসায়ীরা। রবিবার (৭ নভেম্বর) দুপুরে তামাকুমণ্ডী লেইনের সামনে এ মানববন্ধন করেন তারা।জানা যায়, নগরীর রিয়াজউদ্দিন বাজারে মাসখানেক আগে এই মহিলা কাউন্সিলরের স্বামীর মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরে এ ঘটনায় মো. আব্বাস উদ্দিন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয় । এ অভিযোগকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তামাকুমণ্ডী লেইন মোবাইল ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ।
মানববন্ধনে ব্যবসায়ী সমিতির নেতারা জানান, গত ৬ অক্টোবর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তের স্বামী প্রেমাংশু সেনগুপ্তের মোবাইল ফোন সেটটি হারিয়ে যায়। তবে অভিযোগের প্রমাণ না থাকায় সেদিন থানায় কোনো সাধারণ ডায়েরি বা মামলা নেয়নি পুলিশ।গত ৩ নভেম্বর ওই মহিলা কাউন্সিলর নিজের প্রভাব ও ক্ষমতা খাটিয়ে ব্যবসায়ী মো. আব্বাস উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তির নামে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলায় এজাহারে বাদি মো. আব্বাস উদ্দিনকে ছিনতাইকারী হিসেবে উল্লেখ করেন। নেতৃবৃন্দ এরূপ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ জানান।
তামাকুমণ্ডী লেইন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আরিফুর রহমান তাদেরকে ব্যবসা করার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিতে উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেন।মানববন্ধনে তামাকুমণ্ডী লেইন মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, তামাকুমণ্ডী বণিক সমিতির সভাপতি আবু তালেব সহ কার্যকরী পরিষদ নেতৃবৃন্দ, বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদকসহ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন