‘ধর্মঘট অব্যাহত থাকলে সেটি কি জনগণের জন্য কল্যাণকর হতো’
‘জ্বালানির দামবৃদ্ধি ও ধর্মঘট সরকারের পাতানো খেলা’—বিএনপির এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তা হলে পরিবহণ ধর্মঘট অব্যাহত থাকলে সেটি কি জনগণের জন্য কল্যাণকর হতো?
তিনি মঙ্গলবার সকালে সচিবালয়ে তার দপ্তরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করলেও দু-একটি গণমাধ্যম বিরূপ ও অপমানজনক সমালোচনা করছে, যা প্রত্যাশিত নয়।
অন্যদিকে কেউ কেউ পাতানো খেলা বলছে, অনেকেই আঁতাতের গন্ধও খুঁজে পেয়েছেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যাত্রীকল্যাণ সমিতি নামে একটি ভুয়া সংগঠনও বিষয়টি না জেনে, না বুঝে; যা নয় তা সমালোচনা করছে।
সেক্ষেত্রে মন্ত্রী মনে করেন, যাত্রী ভোগান্তি কমাতে অতীতের ধারাবাহিকতায় গণমাধ্যমের মূল্যবান পরামর্শ আমাদের কাছে অধিকতর গুরুত্বপূর্ণ।
বিএনপির আমলে জ্বালানির মূল্যবৃদ্ধি ছিল নৈমিত্তিক ঘটনা, সেটা বিএনপি ভুলে গেলেও জনগণ ভুলেনি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ৫ বছরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছিল ৮ বার। তারা মূল্য কমাতে পারেনি।
ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও দেশে তারা দাম বাড়িয়েছিল।
আওয়ামী লীগ গত ১৩ বছরে ৫ বার মূল্যবৃদ্ধি করলেও ৫ বার মূল্যহ্রাসও করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার ৭ দিনের মধ্যে জ্বালানি তেলের মূল্য হ্রাস করেছিলেন।
এন-কে


আপনার মতামত লিখুন