স্বর্ণ মজুতে এগিয়ে যেসব দেশ
বিশ্বে স্বর্ণের মজুতে এগিয়ে থাকা দশটি দেশ নিয়ে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন।
ফোর্বসের তৈরি করা তালিকায় শীর্ষ রয়েছে আমেরিকা এবং একদম শেষে রয়েছে প্রতিবেশী দেশ ভারত।
স্বর্ণের মজুতে এগিয়ে থাকা দেশের তালিকা-
১. মার্কিন যুক্তরাষ্ট্র-স্বর্ণের মজুতে বেশ কয়েক বছর ধরেই সর্বোচ্চ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে যুক্তরাষ্ট্রে মোট ৮১৩৩ দশমিক ৫ টন স্বর্ণের মজুত রয়েছে। পরিসংখ্যান থেকে দেখা যায় যুক্তরাষ্ট্রের পরে তালিকায় থাকা তিনটি দেশের থেকেও যুক্তরাষ্ট্রের স্বর্ণের মজুত প্রায় সমান কাতারে রয়েছে।
২. জার্মানি- ইউরোপের দেশ হিসাবে সবচেয়ে বেশি স্বর্ণের মজুত রয়েছে জার্মানিতে। বর্তমানে দেশটির মোট স্বর্ণের মজুত ৩ হাজার ৩৭১ টন৷ ২০১৭ সালে দেশটি ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দু’টি ব্যাংক থেকে ৬৭৪ টন স্বর্ণ দেশে ফিরিয়ে এনেছে।
৩. ইতালি- জার্মানির পরেই ইউরোপের দ্বিতীয় এবং পুরো পৃথিবীতে স্বর্ণ মজুতে তৃতীয়স্থান ধরে রেখছে ইতালি। বর্তমানে তাদের ২ হাজার ৪৫১ দশমিক ৮ টন স্বর্ণের মজুত রয়েছে৷ ডলারের দর উত্থান-পতনের বিপরীতে নিজেদের অবস্থান ঠিক রাখার স্বার্থে মজুত ধরে রাখার কথা বলে থাকে দেশটি৷
৪. ফ্রান্স- বিগত কয়েক বছর ধরেই স্বর্ণ বিক্রি করে আসছে ফ্রান্স। তারপরই শীর্ষদের তালিকায় দেশটি নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে ইউরোপীয় দেশ ফ্রান্সের স্বর্ণ মজুতের পরিমাণ মোট ২ হাজার ৪৩৬ টন।
৫. রাশিয়া- বেশ কয়েক বছর ধরেই রাশিয়ান সেন্ট্রাল ব্যাংক বিশ্বে স্বর্ণের ক্রেতা হিসেবে সুনাম ধরে রেখেছে। মোট ১ হাজার ৯০৯ দশমিক ৮ টন স্বর্ণের মজুত নিয়ে পঞ্চম অবস্থানে আছে দেশটি৷ ২০১৭ সালে ২২৪ টন স্বর্ণ কেনার কারণে চীনকে টপকে পঞ্চম স্থানে আসতে পেরেছে রাশিয়া।
৬. চীন- যদিও চীন বিশ্বে স্বর্ণ মজুতের দিক দিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে, তবে তা দেশটির মোট রিজার্ভের মাত্র ২ দশমিক ৪ শতাংশ। বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর হিসাবে স্বর্ণ রিজার্ভে ব্যাংকটির অবস্থান দশম।
৭. সুইজারল্যান্ড- স্ক্যান্ডেনেভিয়ান দেশ হিসেবে স্বর্ণ মজুতে এগিয়ে আছে সুইজারল্যান্ড। ১ হাজার ৪০ টন স্বর্ণের মজুত আছে সুইজারল্যান্ডের। মজুতের পরিমাণের বিচারে সপ্তম অবস্থানে থাকলেও মাথাপিছু মজুতের ক্ষেত্রে দেশটি এক নম্বরে আছে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইউরোপের স্বর্ণ বেচাকেনার প্রধান কেন্দ্র ছিল সুইজারল্যান্ড, একই সঙ্গে মিত্রশক্তি ও অক্ষশক্তি উভয়ের লেনদেন ছিল তাদের সঙ্গে।
৮. জাপান- বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অর্থনীতির দেশ জাপানে স্বর্ণের মজুত আছে ৭৫৬ দশমিক ২ টন৷ ২০১৬ সালে স্বর্ণ রিজার্ভে সুদের হার শূন্যতে নামিয়ে আনে দেশটি, যার ফলে বিশ্বব্যাপী স্বর্ণের আদান-প্রদান বেড়ে যায়।
৯. নেদারল্যান্ডস- নেদারল্যান্ডসের প্রধান ব্যাংকে মজুত আছে ৬১২ দশমিক ৫ টন স্বর্ণ৷ সম্প্রতি ব্যাংকটি বিপুল পরিমাণ স্বর্ণ যুক্তরাষ্ট্র থেকে ফেরত এনেছে।
১০. ভারত- স্বর্ণ মজুতে দক্ষিণ এশিয়ায় প্রথম এবং পৃথিবীতে ভোক্তার হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। বর্তমানে ৫৬০ দশমিক ৩ টন স্বর্ণের মজুত আছে ভারতের।
এন-কে


আপনার মতামত লিখুন