চুক্তির পুরো টাকা দিতে হচ্ছে না জেমি ডেকে
চুক্তির পুরো টাকা দিতে হচ্ছে না জাতীয় দলের সাবেক হেড কোচ জেমি ডেকে। বাফুফে ও জেমি ডে, দু’পক্ষের আলোচনায় এমন সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
এদিকে জানুয়ারির মধ্যে জাতীয় দলের হেড কোচ নিয়োগ দেওয়ার বিষয়ে কাজ করছে বাফুফে। বেশকিছু হাই প্রোফাইল কোচের আবেদন জমা পড়েছে। যার মধ্যে প্রাধান্য পাচ্ছে ইউরোপীয় কোচের নামওে।
পেশাগত দায়িত্বের বাইরে তিনি বন্ধুসুলভ। সাংবাদিক-খেলোয়াড়দের সঙ্গে তার সখ্য ছিল বেশ। ভদ্র লোক হিসেবে অল্প সময়ে সকলের প্রিয় হয়ে উঠেছিলেন বাংলাদেশের সাবেক ফুটবল কোচ জেমি ডে।
কিন্তু মাঠের পারফরমেন্সে সেই ধার অনুপস্থিত থাকায় চাকরিটা হারালেন। তিন বছর হেড কোচ থাকার মেয়াদে প্রথম দুই বছর রক্ষণাত্মক ফুটবল কৌশলে বেশ ভালোই করছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় বছরে র্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলগুলোর সঙ্গে বাজে পারফরমেন্সে বাজে বিদায় ঘণ্টা।
সেপ্টেম্বরে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও, বাফুফের অফিসিয়াল কোচ কিন্তু এখনো জেমি ডে। কেননা চলতি বছরেই চুক্তি নবায়ন করেছিল বাফুফে, যা ছিল ২০২২ এর আগস্ট পর্যন্ত।
বাফুফে বরখাস্ত করায় জেমিকে চুক্তির সব টাকাই দিতে হত ফেডারেশনকে, যা কিনা বাফুফের জন্য হতো বাড়তি খরচ। কিন্তু আগস্ট পর্যন্ত বেতন দিতে হচ্ছে না জেমিকে। দুপক্ষের সমঝোতায় নাকি নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
বাংলাদেশ জাতীয় দল এখন কোচ শূন্য। সাফ ও চার জাতিতে অস্কার ব্রুজন ও মারিও লেমোসকে সাময়িক দায়িত্ব দিয়ে আপদ কাটানোর চেষ্টা করা হয়েছিল। হারের বৃত্ত থেকে বের হতে দীর্ঘমেয়াদি কোচ খুঁজছে বাফুফে। বেশকিছু হাই প্রোফাইল কোচের আবেদন নাকি জমাও পড়েছে। যার মধ্যে প্রাধান্য পাচ্ছে ইউরোপিয়ান কোচের নাম।
বাংলাদেশে গত এক যুগে পরিবর্তিত হয়েছে এক ডজনের বেশি কোচ। তাই কোনো পরিকল্পনারই স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হচ্ছে না।
এন-কে


আপনার মতামত লিখুন