থাইল্যান্ডেও ওমিক্রন, বিশ্বজুড়ে সতর্কতা
বিশ্বজুড়ে বেড়ে চলেছে করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্তের সংখ্যা। থাইল্যান্ডে প্রথমবারের মতো ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত একজন শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় সোমবার শনাক্তের বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য বিভাগ।
এদিকে ভারতে ওমিক্রন শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২১। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্তত ১৭ টি প্রদেশে ছড়িয়ে পড়েছে নতুন এই ধরনটি। দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নতুন ভ্যারিয়েন্ট শনাক্তে দেশজুড়ে বাড়ানো হয়েছে করোনা পরীক্ষা।
করোনার ডেল্টার চেয়েও অধিক সংক্রামক নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেই সতর্ক অবস্থান নিয়েছে বিশ্বের অনেক দেশ। তবুও ছড়িয়ে যাচ্ছে ভ্যারিয়েন্টটি। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এরইমধ্যে ভারতের কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থানসহ বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়েছে ওমিক্রন।
সম্প্রতি আফ্রিকা ফেরতদের থেকেই ভ্যারিয়েন্টটি ছড়াচ্ছে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর সাথে ফ্লাইট বন্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এদিকে যুক্তরাজ্যেও বাড়ছে ওমিক্রন সংক্রমণ। ব্রিটেনের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, একদিনে নতুন এই ভ্যারিয়েন্টটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। স্থানীয় সময় মঙ্গলবার থেকে ভ্রমণকারীদের জন্য কঠোর বিধিনিষেধ জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যদিও এরইমধ্যে ওমিক্রনের স্থানীয় সংক্রমণ শুরু হয়ে থাকলে বিধিনিষেধ দিয়েও কোন কাজ হবেনা বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির রোগতত্ত্ব বিশেষজ্ঞরা।
এদিকে ওমিক্রন আঘাত হানতে শুরু করেছে যুক্তরাষ্ট্রেও। দেশটির এক তৃতীয়াংশ অঙ্গরাজ্যে নতুন এই ধরনটি ছড়িয়ে পড়েছে বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স। বিদেশ ফেরতদের পাশাপাশি দেশ থেকে বাইরে জাননি এমন মানুষের শরীরেও ভ্যারিয়েন্টটি শনাক্ত হওয়ায় শঙ্কিত বিশেষজ্ঞরা। এরইমধ্যে স্থানীয় সংক্রমণ শুরু হয়েছে বলেও আশঙ্কা অনেকের। কে-কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তা সঠিকভাবে নির্ণয় করতে জেনেটিক সিকোয়েন্সিং করার বিষয়ে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন- সিডিসি।
এন-কে


আপনার মতামত লিখুন