আমার আর কোনও প্রত্যাশা নেই: সামান্থা
কয়েক মাস আগেই নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা প্রভুর দাম্পত্য বিচ্ছেদ হয়েছে। কিন্তু বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এখন পর্যন্ত যেভাবে ট্রলের মুখে পড়ছেন সামান্থা, সেটি দগদগে ক্ষতই সৃষ্টি করছে। প্রথমদিকে বাইরে বাইরে যথেষ্ট শক্ত রেখেছিলেন অভিনেত্রী। কিন্তু ভেতরে ভেতরে যে কতটা ভেঙে পড়েছিলেন, তা এবার প্রকাশ্যে জানালেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাতকারে সামান্থা বলেন, ‘সে সময় আমার যা অবস্থা হয়েছিল, আমি যেভাবে ভেঙে পড়েছিলাম, তা এখনও মনে আছে। পরিবার এবং বন্ধুদের সঙ্গে তো মতের অমিল হতেই পারে। কিন্তু এভাবে ট্রলিং কাম্য নয়। ২০২১ এ আমার জীবনে যা যা হয়েছে, তাতে আমার আর কোনও প্রত্যাশা নেই। ভবিষ্যতে জীবন আমার জন্য যা কিছু সাজিয়ে রেখেছে, সব গ্রহণ করতে আমি প্রস্তুত। শুধু এটুকু জানি, সব ক্ষেত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
ই টাইমসের খবর অনুযায়ী, ফিলিপ জোনসের পরিচালনায় ‘অ্যারেঞ্জমেন্টস অব লাভ’ সিনেমায় এবার অভিনয় করবেন সামান্থা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন সামান্থা স্বয়ং।
সামান্থা ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘সম্পূর্ণ নতুন এক পৃথিবী। ২০০৯-এ আমি শেষ বার ‘ইয়ে মায়া চেসভ’ সিনেমার জন্য অডিশন দিয়েছিলাম। ১২ বছর পর আবার অডিশন দিয়েছি। একই রকম নার্ভাস লাগছে।’
ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ২০০৪ সালের বেস্ট সেলিং উপন্যাস ‘তিমেরি এন মুরারি’র গল্প অবলম্বনে তৈরি হবে এই সিনেমা। আগামী বছর আগস্টের দিকে শুরু হবে শুটিং। শোনা যাচ্ছে, এক তামিল বাইসেক্সুয়াল নারীর চরিত্রে অভিনয় করবেন সামান্থা। যার নিজস্ব একটি ডিটেকটিভ এজেন্ট রয়েছে। চিত্রনাট্য অনুযায়ী, সামান্থার চরিত্র এক সম্ভ্রান্ত বংশের সদস্য। স্বাধীনচেতা এই নারী নিজের শর্তে, নিজের পছন্দের পেশায় জীবন বাঁচতে চান।
সামান্থা রুথ প্রভুর কেরিয়ারের বয়স প্রায় ১১ বছর। ইতোমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তিনি প্রথম সারির জায়গা দখল করে নিয়েছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজের মাধ্যমে জাতীয় তথা আন্তর্জাতিক স্তরে পরিচিতি তৈরি হয়েছে। ২০১০-এ গৌতম মেনন পরিচালিত ‘ইয়ে মায়া চেসভ’-এর মাধ্যমে ডেব্যু করেন সামান্থা। তারপর আর ফিরে তাকাতে হয়নি।
সাম্প্রতিক আলোচনায় উঠে এসেছে সামান্থার পারিশ্রমিকের প্রসঙ্গ। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ যা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি, এখন তার থেকে বেশি দাবি করছেন। শোনা যাচ্ছে, সিনেমা পিছু সামান্থা এখন নাকি চার কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন।
এন-কে


আপনার মতামত লিখুন