সুযোগ পেলে বিপিএলে খেলতে চান ফ্যাফ ডু প্লেসি
ক্রিকেটের যে কোনো ফরম্যাটে ভালো করতে হলে ব্যাটসম্যানদের ভালো উইকেটে খেলতে হবে। বাংলাদেশ ঘরের মাঠে যে উইকেটে খেলে তা আদর্শ নয়। সময় সংবাদকে এমন মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। বর্তমান বাংলাদেশ খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও তা কেটে যাবে বলে বিশ্বাস তার। সুযোগ পেলে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ বিপিএলেও খেলতে চান এই প্রোটিয়া ব্যাটার।
বিশ্বকাপ দিয়ে শুরু। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজেও বাংলাদেশ জাতীয় দল ছিল ব্যর্থতার চোরাবালিতে আটকা। ঘরের মাঠে গেল ক’বছর যে সাফল্য পেয়েছিল দল, সেটাও এখন দুঃসাধ্য। দলের ব্যাটিং-বোলিং প্রতিনিয়ত শঙ্কার জন্ম দিচ্ছে।
অথচ বিশ্বকাপের আগে প্রত্যাশার বেলুনটা কতই না বড় ছিল। বাংলাদেশের সাম্প্রতিক ভরাডুবি শুধু ক্রিকেট বোর্ডকেই না অবাক করেছে সবাইকেই।
টি-২০ আর টেস্ট। এই দুই ফরম্যাটে বরাবরই দুর্বল বাংলাদেশ। সম্প্রতি তা আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। সবকিছুই আছে, তারপরও কেন এমন হচ্ছে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিও বাংলাদেশ দলের এমন অবস্থা দেখে কিছুটা হতাশ। এই অবস্থা থেকে উত্তরণে দিলেন পরামর্শ।
দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ দলের দারুণ কিছু ক্রিকেটার আছে। আমিও তাদের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। ওরা ২০১৯ বিশ্বকাপে আমাদের হারিয়েছিল। দলে ভালো ট্যালেন্ট আছে। আমার ধারণা তাদের আত্মবিশ্বাসের ঘাটতি আছে। ব্যাটিংয়ে উন্নতি করতে হলে ভালো পিচে খেলতে হবে। বাংলাদেশের পিচগুলো ব্যাটারদের খুব একটা সাহায্য করে না। ব্যাটিংয়ে ভালো করার জন্য আত্মবিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ। আগামী বছরের বিশ্বকাপের আগে তারা যদি কিছু ভালো পিচে খেলে রানের মধ্যে থাকে, তবে অবশ্যই তা কাজে দেবে।’
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল থেকে অবসর নিয়েছেন বছরের শুরুতে। এরপর সাদা বলে খেলা চালিয়ে যেতে চাইলেও দক্ষিণ আফ্রিকা বোর্ড তাকে ছাড়াই পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে। তাই বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সরব উপস্থিতি ডু প্লেসির।
বয়স ৩৭ হলেও, তার ব্যাটে রানের ফোয়ারা যেন থামছেই না। ক’মাস আগেই আইপিএলে চেন্নাইকে জিতিয়েছেন শিরোপা। এ বছর সিপিএল-পিএসএলেও খেলেছেন। তবে এবার নতুন অভিজ্ঞতা নিতে আগ্রহী এই ব্যাটার।
ডু প্লেসি বলেন, ‘দুই বছর আগেই বিপিএলে খেলার ব্যাপারে অনেক দূর কথা এগিয়েছিল। কিন্তু কোনো কারণে আর খেলা হয়নি। বিপিএলে খেলা অন্য রকম অভিজ্ঞতা। আমি ভবিষ্যতে সুযোগ পেলে এই লিগে খেলতে চাই।’
এখন পর্যন্ত টি-২০ ফরম্যাটে ২৬৬ ম্যাচ খেলা ডু প্লেসি ১৩০ স্ট্রাইক রেটে করেছেন প্রায় ৭ হাজার রান।
এন-কে


আপনার মতামত লিখুন