প্রস্তুত অলিম্পিকের ভেন্যু
বেইজিং শীতকালীন অলিম্পিক শুরুর আর দু’মাসও বাকি নেই। এরইমধ্যে প্রস্তুত হয়ে গেছে ভেন্যুগুলো। তবে করোনার মধ্যে ভেন্যুগুলো পুরোপুরি প্রস্তুত করতে বেশ চ্যালেঞ্জের সম্মুখিন হতে হয়েছে বলে জানায় আয়োজকরা।
টোকিও অলিম্পিকের পর এবার ঝুকিঁর মুখে বেইজিং শীতকালীন অলিম্পিক। করোনা মহামারির কারণে তারিখ পিছিয়ে শেষ পর্যন্ত টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হলেও এবার চীনে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শঙ্কা তৈরি করেছে শীতকালীন অলিম্পিক নিয়ে। তবে সব অনিশ্চয়তা ও শঙ্কা উপেক্ষা করে কীভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে অলিম্পিক আয়োজন করা যায় সেদিকেই নজর বেইজিং অলিম্পিক কমিটির।
তারই ধারাবাহিকতায় প্রস্তুত করা হয়েছে অলিম্পিকের ভেন্যুগুলো। ন্যাশনাল স্কি জাম্পিং সেন্টার, দ্য ঝাংজিয়াকু ন্যাশনাল ক্রস-কান্ট্রি স্কিং সেন্টার, গেন্টিং স্নো পার্কসহ মোট ১২টি ভেন্যু পুরোপুরি প্রস্তুত গেমস আয়োজনের জন্য। যদিও এর মাঝে অনেক চ্যালেঞ্জ ছিল বলে জানান এই ভেন্যুর ম্যানেজার ওয়াং জিংশিয়ান।
তিনি বলেন, এই মহামারীর সময়টায় ভেন্যুর নির্মাণ কাজে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। কারণ অনেক নির্মাণকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। আমাদেরকে এই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
কিছু কিছু ভেন্যু আগে থেকেই অবকাঠামোগতভাবে উন্নত। তবে নতুন করে সংস্কার করা হয়েছে এমন ভেন্যুও রয়েছে। সবক্ষেত্রেই প্রাধান্য পেয়েছে অ্যাথলিটদের সুবিধার জায়গাটা। এ সম্পর্কে ওয়াং জিংশিয়ান বলেন, আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমাদের ভেন্যুতে যেসব সুযোগ-সুবিধা আছে সেখানে কোনো অ্যাথলিটের ইনজুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমাদের বিশ্বাস কোনো রকম দুর্ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে এখানে অলিম্পিক গেমস হবে।
গেন্টিং স্নো পার্কের ডেপুটি ফ্যাসিলিটি ম্যানেজার চেন রংকিন বলেন, এই স্কি রিসোর্টে ক্যাবল কার, বরফ তৈরির পদ্ধতি থেকে শুরু করে অন্য যেসব সরঞ্জামাদি আছে সবই অনেক উন্নতমানের। একটা ভেন্যু তৈরিতে যা যা প্রয়োজন তার সবই আছে।
এদিকে এখনই পর্যটকরা শুভ্র বরফে স্কি উপভোগ করতে হাজির হচ্ছে অলিম্পিকের অন্যতম ভেন্যু গেন্টিং স্কি রিসোর্টে।
এন-কে


আপনার মতামত লিখুন