হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ লেস্টার
বড় দিন উদযাপনের পর সুপার সানডেতে মাঠে নামছে ইংল্যান্ডের জায়ান্ট দলগুলো।
ইতিহাদে লেস্টার সিটিকে আতিথ্য দেবে টেবিল টপার ম্যানচেস্টার সিটি। রোববার (২৬ ডিসেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। একই সময় আর্সেনালের মুখোমুখি হবে নরউইচ সিটি। এছাড়া বার্মিংহামে চেলসির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এবারের মৌসুমটাও দারুণ যাচ্ছে সিটিজেনদের। জয়ের ট্রেন ছুটে চলায় অপ্রতিরোধ্য পেপ গার্দিওলার শিষ্যরা।
এবার ঘরের মাঠ ইতিহাদে লেস্টার সিটিকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। ১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিল টপার সিটিজেনরা। দুই ম্যাচ কম খেল ২২ পয়েন্ট নিয়ে নবম স্থানে লেস্টার। সবশেষ পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে গার্দিওলার দল। গেলো ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে স্বাগতিক শিবির।
ইতিবাচক ফুটবল খেলে জয়রথ ধরে রাখার প্রত্যয় সিটিজেনদের। সেই সাথে সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা শক্তিমত্তার বিচারে লেস্টার সিটির চেয়ে অনেকটা এগিয়ে ম্যানচেস্টার সিটি। পরিসংখ্যানও কথা বলছে ৭ বারের শিরোপা জয়ীদের পক্ষে।
লেস্টার সিটির সঙ্গে সবশেষ ১০ দেখায় ৮টিতে জিতেছে ম্যানসিটি। এরমধ্যে গত মৌসুমে সিটিজেনদের ৫-২ ব্যবধানে হারিয়েছিল লেস্টার। সে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন লেস্টারের ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডি। রোববারও হয়তো তিনিই সবচেয়ে বড় ভরসা টিম ম্যানেজমেন্টের। এ ম্যাচের আগে সুখবর রয়েছে ম্যানচেস্টার সিটির জন্য। পুরো প্রিমিয়ার লিগের ক্লাবগুলো যখন করোনায় বিপর্যস্ত তখন ম্যানসিটিতে কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন। অসুস্থতার কারণে এ ম্যাচে যদিও কাইলে ওয়াকার খেলতে পারছেন না। অনুপস্থিতির তালিকায় অন্য তিনজন হলেন বেঞ্জামিন মেন্ডি, লিয়াম ডালেপ ও ফেরান তোরেস।
অন্যদিকে লেস্টার সিটির একাদশে দেখা যেতে পারে রিকার্ডো পেরেইরা ও কাগলার সোউঞ্চুকে, কিছুদিন আগে ইনজুরিতে পড়েছিলেন তারা।
এন-কে


আপনার মতামত লিখুন