খুঁজুন
, ,

নতুন নিষেধাজ্ঞা দিলে দুদেশের সম্পর্ক নষ্ট হতে পারে : বাইডেনকে সতর্কবার্তা পুতিনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 31 December, 2021, 11:03 am
নতুন নিষেধাজ্ঞা দিলে দুদেশের সম্পর্ক নষ্ট হতে পারে : বাইডেনকে সতর্কবার্তা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে বলেছেন—যুক্তরাষ্ট্র ইউক্রেনের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে দুই দেশের সম্পর্ক একেবারে নষ্ট হয়ে যেতে পারে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিশ্বের দুই অন্যতম ক্ষমতাধর দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোনালাপ হয়। সংবাদমাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সেনা সমাবেশকে নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে প্রায় এক ঘণ্টা ধরে জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। ইউক্রেনকে নিয়ে সংকট সম্প্রতি আরও গভীর হয়েছে। কারণ, ক্রেমিলন নিরাপত্তার বাড়তি নিশ্চয়তা চাইছে এবং নিজেদের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য পরীক্ষামূলকভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকফ বলেছেন, পরিস্থিতির অবনতি ঘটলে কিংবা ইউক্রেনের ওপর আক্রমণ চালালে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন হুমকির কথা গতকালের ফোনালাপে জো বাইডেন আবারও নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ইউরি উশাকফ বলেন, ‘‌এটি হবে বড় ধরনের ভুল, যার পরিণতি হবে মারাত্মক।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাইডেনের সঙ্গে ফোনালাপটি ১০ জানুয়ারি জেনেভায় অনুষ্ঠাতব্য উচ্চ-পর্যায়ের আলোচনার আগেই অনুষ্ঠিত হলো।

হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, বৃহষ্পতিবারের ফোনালাপ শুরু হয় ওয়াশিংটন সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে এবং শেষ হয় ৫০ মিনিট পরে মস্কোর সময় মধ্যরাতের পর। দুই নেতার মধ্যে এ মাসে এটি ছিল দ্বিতীয় ফোনালাপ।

রাশিয়া পরিষ্কার করেই বলেছে—তারা লিখিত প্রতিশ্রুতি চায় যে, ইউক্রেনকে কখনোই ন্যাটোতে যোগ দিতে অনুমতি দেওয়া হবে না এবং ওই জোটের সামরিক সাজসরঞ্জাম সাবেক সোভিয়েত প্রদেশে মোতায়েন করা হবে না। বাইডেন প্রশাসন স্পষ্ট করে দিয়েছে—রাশিয়ার এ দাবিগুলো কার্যকর হতে পারে না।

দুই নেতার ফোনালাপের আগেই হোয়াইট হাউস জানায়, রাশিয়া যদিও প্রায় এক লাখ সৈন্য ইউক্রেনের দিকে নিয়ে এসেছে এবং যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছ থেকে দাবি আদায়ের জন্য এ সংখ্যা আরও বাড়াতে পারে, তবুও বাইডেন পুতিনকে বলবেন যে, কুটনৈতিক পথ খোলা রয়েছে। ওই দাবিগুলো জেনেভা বৈঠকে আলোচনা করা হবে। তবে, এটা এখনও পরিষ্কার নয় যে, এ সংকট মোচনের জন্য বাইডেন পুতিনকে কী ধরনের ছাড় দিতে পারেন।

নিরাপত্তা বিষয়ে খসড়া নথিপত্রে মস্কো দাবি করেছে—ন্যাটো যেন ইউক্রেনের সদস্যতার আবেদন নাকচ করে দেয় এবং মধ্য ও পূর্ব ইউরোপ থেকে তাদের সৈন্য সরিয়ে নেয়।

ইউক্রেনের ব্যাপারে পুতিন যে ধরনের নিশ্চয়তা চাইছেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তা নাকচ করে বলেছে যে, ন্যাটোর নীতি হচ্ছে—উপযুক্ত রাষ্ট্রগুলোকে সদস্য পদ দিতে তারা প্রস্তুত। তবে, রাশিয়ার উদ্‌বেগ নিয়ে কথা বলতে তারা রাজি হয়েছে।

বাইডেন এ সপ্তাহটি তার নিজের অঙ্গরাজ্য ডেলাওয়ারে কাটাচ্ছেন। তিনি উইলমিংটনের কাছে তাঁর বাড়ি থেকে পুতিনের সঙ্গে কথা বলেন।

ফোনালাপের আগে পুতিন নববর্ষ এবং বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বাইডেনকে টেলিগ্রাম পাঠান। অন্যান্য নেতাকে পাঠানো শুভেচ্ছাবার্তার সঙ্গে এটিও ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বাইডেনকে পাঠানো ওই বার্তায় পুতিন লেখেন, ‘আমি নিশ্চিত, জুন মাসে জেনেভায় শীর্ষ বৈঠকে নেওয়া আমাদের সমঝোতা এবং পরবর্তী যোগাযোগের পরিপ্রেক্ষিতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং পারস্পরিক সম্মান এবং জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে কার্যকরভাবে রুশ-মার্কিন সংলাপ শুরু করতে পারি।’

এন-কে

Feb2

৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 2:50 pm
৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী এতে অংশ নেন।

আমানতকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দীর্ঘ দুই বছর ধরে তারা নিজেদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছেন না। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটাতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিক্ষোভের সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, এক দফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি, এবং আমানত কি নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ? প্রশাসন কেন চুপ? এমন নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন, যার একটিতে হেয়ারকাট পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার এবং তার পরিবর্তে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমানতকারীরা ‘হেয়ারকাট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

সমাবেশ থেকে আমানতকারীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিতর্কিত হেয়ারকাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। পাঁচটি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন দ্রুত চালু করা। তারল্য সংকট নিরসনে সরকারকে বিশেষ সহায়তা প্রদান করা। মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ করা এবং একতরফাভাবে ঘোষিত হ্রাসকৃত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অসংগত। আমানতকারীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই হার চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ লাখ পরিবারের প্রায় তিন কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

বিক্ষোভ শেষে বেলা ১২টার দিকে আমানতকারীরা একটি মিছিল নিয়ে কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।

আমানতকারীদের প্রতিনিধি দলের একজন জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি। যতদিন পর্যন্ত এই হেয়ারকাট বাতিল না হবে, ততদিন আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।