বছরের শুরতেই বিপাকে ভিকি!
মাত্র কয়েক দিন আগেই ধুমধাম করে ক্যাটরিনা কাইফকে বিয়ে করেছেন ভিকি কৌশল। নতুন বছরে স্ত্রীকে নিয়ে আনন্দে দিন কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু সে পরিকল্পনা হয়তো মসৃণ হচ্ছে না। বছরের শুরুতেই বিপাকে পড়েছেন এ অভিনেতা।
ভিকির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন জয় সিং যাদব নামের এক যুবক। জয় অভিযোগ করেন, ভিকি কৌশল যে বাইকে শুটিং করছেন, সে বাইকের নম্বর প্লেটটি আসলে তার। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।
জানা গেছে, কয়েক দিন আগে ইন্দোরে শুটিং করতে গিয়েছিলেন ভিকি। তার সহশিল্পী ছিলেন সারা আলি খান। শুটিংয়ের ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। রীতিমতো তা ভাইরাল। ছবিতে দেখা গেছে, বাইকের পেছনে সারাকে বসিয়ে ঘুরছেন ভিকি।
ছবিটি নজরে আসে জয় সিং যাদবের। তার নজর আটকে যায় বাইকের নম্বর প্লেটে। শুটিংয়ের জন্য যে নম্বরটি ব্যবহার করা হয়েছে সেটি আসরে জয়ের বাইকের নম্বর। ভারতীয় সংবাদ সংস্থাকে জয় বলেন, অনুমতি ছাড়া এভাবে একই নম্বর প্লেট ব্যবহার করা আইনত অনুচিত। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।
বিষয়টি নিয়ে সংবাদ সংস্থার কাছে মুখ খুলেছেন ইন্দোরের বোনগঙ্গা অঞ্চলের এসআই রাজেন্দ্র সোনি। অভিযোগের কথা স্বীকার করে তিনি বলেন, সত্যিই অবৈধভাবে নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখব। অন্যদিকে অভিযোগটি উড়িয়ে দিয়েছেন অভিনেতা ভিকি। তার ভাষায়, সেটে যা ব্যবহার হবে তার দায় আমার না।
ভিকির সঙ্গে এ সিনেমার মাধ্যমে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন সারা আলি খান। রোমান্টিক ধাঁচের এ সিনেমাটি ম্যাডক ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে। নাম ঠিক না হওয়া এ সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ভিকি-সারাকে।
এন-কে


আপনার মতামত লিখুন