৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানি মায়ের কাছে থাকবে দুই শিশু
জাপানি মা নাকানো এরিকোর কাছে আজ রোববার (২৩ জানুয়ারি) পর্যন্ত তার দুই শিশু কন্যা থাকবে বলে গত ৩ জানুয়ারির শুনানি শেষে জানিয়েছিলেন আপিল বিভাগ। কিন্তু প্রধান বিচারপতি অসুস্থ থাকায় আজ রোববার নতুন কোনো আদেশ না দিয়ে পূর্বের আদেশ ৬ ফেব্রুয়রি পর্যন্ত বাড়াল আপিল বিভাগ।
ফলে জাপানি মায়ের কাছে তার দুই সন্তান জেসমিন মালিকা ও লাইলা লিনা রাজধানীর বারিধারার হোটেল ইসকর্ট প্যালেসে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারবেন। তবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যে কোনো সময় শিশুদের সঙ্গে বাংলাদেশি বাবা ইমরান শরীফ দেখা করতে পারবেন।
রোববার (২৩ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। প্রধান বিচারপতি অসুস্থ থাকায় আজকে মামলা না শুনে পরবর্তীতে তাকে সাথে নিয়ে মামলা শুনতে চান আপিল বিভাগ। তাই আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট আহসানুল করিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আর বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, অ্যাডভোকেট ফাওজিয়া করিম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মারুফুল ইসলাম।
আপিল বিভাগ শুনানিতে বলেন, প্রধান বিচারপতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। প্রধান বিচারপতিকে নিয়ে আমরা এই মামলা শুনব। তাই ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আগের আদেশ বহাল থাকবে।
এর আগে, গত ৩ জানুয়ারি আপিল বিভাগ আদেশে বলেছিলেন, জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের মা নাকানো এরিকোর সঙ্গে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত রাজধানীর বারিধারার হোটেল ইসকর্ট প্যালেসে থাকবে। তবে প্রতিদিন সকাল ৯ থেকে রাত ৯টার মধ্যে যে কোনো সময় শিশুদের সঙ্গে তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফ দেখা করতে পারবেন।
আজ শুনানি না হওয়ায় পূর্বের সেই আদেশের সময় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল।
গত ৫ ডিসেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো।
এর আগে, ২১ নভেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেন হাইকোর্ট।
এন-কে


আপনার মতামত লিখুন