খুঁজুন
, ,

ইউক্রেন সংকট : জাতিসংঘে রুশ-মার্কিন বাকযুদ্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 1 February, 2022, 12:58 pm
ইউক্রেন সংকট : জাতিসংঘে রুশ-মার্কিন বাকযুদ্ধ

জাতিসংঘে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

বৈঠকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার বিপুল সংখ্যক সেনা মোতায়েন নিয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের জাতিসংঘে নিযুক্ত দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘গত কয়েক দশকের মধ্যে এটিই ইউরোপে সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েনের ঘটনা।’

অন্যদিকে, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিষয়ে অগ্রহণযোগ্য উপায়ে নাক গলাচ্ছে বলে মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজ্যা।

তবে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন বা হামলা চালালে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস্ট জানান, এখন ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, এর ব্যপ্তি আরও বাড়ানো যায় এমন একটি আইন প্রস্তুত করছে তাঁর দেশ।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের দূত বলেছেন, ‘মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ক্রেমলিনের নিকটবর্তী ব্যক্তিদের আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকেও বাদ দেওয়া হতে পারে।’

ভ্যাসিলি নেবেনজ্যা বলেন, ‘রাশিয়া যে ইউক্রেনে সামরিক হামলার পরিকল্পনা করছে, এমন বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ নেই এবং সেনা মোতায়েনের বিষয়টিও জাতিসংঘ নিশ্চিত করেনি। রাশিয়া যেকোনো সময় নিজের ভূমিতে যেকোনো জায়গায় সেনা মোতায়েন করতে পারে, সেটি ওয়াশিংটনের দেখার বিষয় নয়।’

রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজ্যা আরও বলেন, ‘বাইডেন প্রশাসনই বিভিন্ন উসকানিমূলক কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করছে। এটা আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে শুধু অগ্রহণযোগ্য হস্তক্ষেপই নয়, বিশ্ববাসীকে এ অঞ্চলের সত্যিকার পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তও করছে।’

নিরাপত্তা পরিষদের এই বৈঠক রাশিয়া শুধু আলোচনায় সীমাবদ্ধ রেখেই শেষ করতে চাইলেও শেষমেষ তা ভোটে গড়ায় এবং সেখানে ১০ ভোট রাশিয়ার বিপক্ষে যায়। মাত্র দুটি ভোট পড়ে রাশিয়ার পক্ষে।

সাবেক সোভিয়েত রাষ্ট্র ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় লাখখানেক সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। একইসঙ্গে ওই এলাকায় ট্যাংক, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রও মজুদ করা হয়েছে। কিন্তু, শুরু থেকেই যুদ্ধ বা আগ্রাসনের পরিকল্পনার অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। তবে, স্নায়ুযুদ্ধের সময়ের পর ওই অঞ্চলে আর কখনোই এত পরিমাণ সামরিক শক্তি জমায়েত করেনি রাশিয়া।

ইউক্রেন ন্যাটো জোটের সদস্য দেশ নয়। রাশিয়া চায় ইউক্রেন যেন ন্যাটো জোটের অন্তর্ভুক্ত হতে না পারে। তবে, রাশিয়ার সীমান্তবর্তী দেশ এবং সাবেক সোভিয়েত রাষ্ট্র লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া ন্যাটো জোটে রয়েছে।

গত মাসে রাশিয়া ন্যাটোর কাছে তিনটি দাবি জানিয়েছে। প্রথমত, ইউক্রেনকে যেন সামরিক জোটটির সদস্য না করা হয়। দ্বিতীয়ত, পূর্ব ইউরোপে ন্যাটো যেন কোনো সামরিক কার্যক্রম না চালায় এবং তৃতীয় দাবিটি হচ্ছে—রাশিয়ার সীমান্তবর্তী কোনো দেশে যেন ক্ষেপণাস্ত্র না বসানো হয়।

২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় উপত্যকা ক্রিমিয়া দখল করে নেয়। এ সময় সংঘাতে সেখানে ১৪ হাজারের মতো মানুষের মৃত্যু হয়।

এন-কে

Feb2

৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 2:50 pm
৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী এতে অংশ নেন।

আমানতকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দীর্ঘ দুই বছর ধরে তারা নিজেদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছেন না। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটাতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিক্ষোভের সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, এক দফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি, এবং আমানত কি নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ? প্রশাসন কেন চুপ? এমন নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন, যার একটিতে হেয়ারকাট পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার এবং তার পরিবর্তে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমানতকারীরা ‘হেয়ারকাট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

সমাবেশ থেকে আমানতকারীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিতর্কিত হেয়ারকাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। পাঁচটি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন দ্রুত চালু করা। তারল্য সংকট নিরসনে সরকারকে বিশেষ সহায়তা প্রদান করা। মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ করা এবং একতরফাভাবে ঘোষিত হ্রাসকৃত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অসংগত। আমানতকারীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই হার চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ লাখ পরিবারের প্রায় তিন কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

বিক্ষোভ শেষে বেলা ১২টার দিকে আমানতকারীরা একটি মিছিল নিয়ে কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।

আমানতকারীদের প্রতিনিধি দলের একজন জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি। যতদিন পর্যন্ত এই হেয়ারকাট বাতিল না হবে, ততদিন আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।