চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনের ফল প্রকাশ
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ পদে আওয়ামী লীগপন্থি প্যানেলের সদস্যরা জয়ী হয়েছেন। বাকি ৯টি পদে জয় পেয়েছেন বিএনপি-জামায়াতপন্থি প্যানেলের সদস্যরা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটভুক্ত বিভিন্ন দলভুক্ত আইনজীবীরা বরাবরের মতো ‘আইনজীবী সমন্বয় পরিষদ’ ও বিএনপি-জামায়াতপন্থি ও তাদের সমমনারা ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেয়।
তবে বাম প্রগতিশীল ও দলনিরপেক্ষ আইনজীবীদের মোর্চা ‘সমমনা আইনজীবী সংসদ’ এবার নির্বাচনে অংশগ্রহণ করেনি।
এবার ১৯টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৯ জন। ভোটার ছিলেন সাড়ে ৫ হাজার। এর মধ্যে ভোট দেন ৪ হাজার ১৯৩ জন।
ঘোষিত ফলাফলে নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন সমন্বয় পরিষদের মনোনীত আবু মোহাম্মদ হাশেম। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি। তিনি পেয়েছেন ২ হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মনোনীত নাজিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২ হাজার ৫৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন সমন্বয় পরিষদের এএইচএম জিয়াউদ্দিন। তিনি টানা তিনবার এ পদে বিজয়ী হলেন। আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন পেয়েছেন ১ হাজার ৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুস সাত্তার সরওয়ার পেয়েছেন ১ হাজার ৬২৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী কিশোর কুমার দাস পেয়েছেন ৫৬২ ভোট।
সিনিয়র সহসভাপতি পদে ঐক্য পরিষদের মো. শফিক উল্লাহ জয়ী হয়েছেন। সহসভাপতি পদে সমন্বয় পরিষদের মো. আজিজুদ্দিন বিজয়ী হয়েছেন।
এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের এরশাদুর রহমান রিটু অর্থ সম্পাদক পদে জয় পেয়েছেন সমন্বয়ের সালাউদ্দিন মনসুর রিমু।
এন-কে


আপনার মতামত লিখুন