হিজাবপরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: আসাদউদ্দিন
অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, হিজাবপরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন।
ভারতে চলমান হিজাব নিয়ে বিতর্কের মধ্যেই এ মন্তব্য করেন তিনি।
নির্বাচনী প্রচারণায় আসাদউদ্দিন ওয়াইসির একটি বক্তব্যের অংশের ভিডিও ছড়িয়ে পড়েছে।
সেখানে তিনি বলেন, ‘একটি মেয়ে যদি হিজাব পরার সিদ্ধান্ত নেয় এবং তার বাবা-মা যদি সেটা পরার অনুমতি দেন, তাহলে তাকে আটকাবে কে? আমরা সেটি দেখব, ইনশাল্লাহ।’
নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘মেয়েরা হিজাব পরবে, নেকাব পরবে। কলেজে যাবে, একসময় ডাক্তার, কালেক্টর, এসডিএম এবং ব্যবসায়ী হবে। মনে রাখবেন, একদিন এক হিজাবপরা নারী এই দেশের প্রধানমন্ত্রী হবেন। হয়তো সেদিন আমি জীবিত থাকব না।’
হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছে। ভাগীদারি পরিবর্তন মোর্চার অংশ হিসেবে এ নির্বাচনে অংশ নিচ্ছে দলটি।
গত বছরের ডিসেম্বরে কর্ণাটকে একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েক শিক্ষার্থী হিজাব পরে ক্লাসে যোগ দিলে তাদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া শুরু হয়। এরপরই ভারতে শুরু হয় হিজাব-বিতর্ক। রাজ্যের বিভিন্ন স্থানে বিষয়টি ছড়িয়ে পড়ে। তরুণ শিক্ষার্থীরা গেরুয়া হিজাব পরতে শুরু করে।
এই সপ্তাহের শুরুতে কয়েকটি স্থানে বিক্ষোভ সহিংস হয়ে ওঠায় মঙ্গলবার তিন দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে রাজ্য সরকার।
এন-কে


আপনার মতামত লিখুন