গাঙ্গুবাইয়ের সঙ্গে রোমান্স করবে বাঙালি ছেলে
সঞ্জয় লীলা ভানসালির সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় ‘গাঙ্গুবাই’ আলিয়ার বিপরীতে দেখা যাবে বাঙালি অভিনেতা শান্তনুকে। সিনেমায় তিনি গাঙ্গুবাইয়ের প্রেমিক রামনিক লালের চরিত্রে অভিনয় করেছেন।
একদিকে সঞ্জয়ের মতো পরিচালক, অন্যদিকে আলিয়ার মতো সহ-অভিনেতা–শান্তনুর সুযোগ তাই সবদিক থেকেই ঈর্ষণীয় বলে মনে করছে বলিউড।
বলিউডের নামি পরিচালক ভানসালির পরিচালনা এবং সেই সঙ্গে আলিয়ার সঙ্গেই পর্দায় রোমান্স করবেন শান্তনু। যার একঝলক ইতোমধ্যে দর্শকের সামনে এসেছে।
সিনেমার ‘জাব সাইয়া’ গানের ভিডিও সম্প্রতিই প্রকাশ্যে এসেছে। যারা সেটি দেখেছেন, তাদের অনেকেই বলেছেন, আলিয়ার সঙ্গে বেশ টক্কর দিয়েই অভিনয় করেছেন শান্তনু। এমনকি রোমান্টিক দৃশ্যেও তিনি সাবলীল। অথচ আলিয়ার থেকে বয়সে দুই বছরের বড় শান্তনুর অভিনয় অভিজ্ঞতা আলিয়ার চেয়ে অনেকটাই কম।
পশ্চিম বঙ্গের কলকাতার ছেলে শান্তনু। ১৯৯১ সালের ৭ মার্চ কলকাতাতেই জন্ম। পড়াশোনা কলকাতারই একটি ইংরেজি মাধ্যম স্কুলে। পরে উচ্চশিক্ষার জন্য মুম্বাই যান এবং পাকাপাকিভাবে সেখানেই থেকে যান তিনি।
বেশ কয়েকটি টিভি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘দিল দোস্তি ডান্স’। শান্তনু নাচেও বেশ পারদর্শী। শান্তনুর একটি নাচের দলও আছে। নাম ‘দেশি হুপার্স’। ২০১৫ সালে তারা লস অ্যাঞ্জেলসে আন্তর্জাতিক নাচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নও হন।
২০২০ সালের শেষের দিকে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় একটি স্বল্পদৈর্ঘ্যের চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন শান্তনু। বেশ কিছুদিন পর ভানসালির অফিস থেকে ফোন আসে। শান্তনুকে জানানো হয়, ওই চরিত্রের জন্য তাকেই বেছে নেওয়া হয়েছে। শান্তনু অবশ্য তখনো জানতেন না, পর্দায় তাকে অভিনয় করতে হবে আলিয়ার প্রেমিকের ভূমিকায়। সে কথা তিনি অনেক পরে জেনেছিলেন।
আগামী ২৫ ফেব্রুয়ারি সিনেমাটি হলে মুক্তি পাবে। বলিউডে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ই শান্তনুর প্রথম সিনেমা হতে চলেছে বলা চলে। কারণ, এর আগে তিনি দুটি সিনেমায় অভিনয় করলেও তার একটি ছিল শর্ট ফিল্ম। অন্যটির এখনো কাজ শেষ হয়নি।
শান্তনুকে সংবাদমাধ্যমে প্রশ্ন করা হয়েছিল, ভানসালির সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে তিনি কী বলতে চান? জবাবে তিনি বলেছিলেন, তার স্বপ্ন সত্যি হয়েছে। আর এর পূর্ণ কৃতিত্ব তিনি ভানসালিকেই দিতে চান।
এমনকি আলিয়ার সঙ্গে তার অভিনয়ের মুহূর্তগুলোর কৃতিত্বও পরিচালককেই দিয়েছেন শান্তনু। এ নিয়ে প্রশ্ন করা হলে বলেছেন, ‘সেরা পরিচালকের সঙ্গে কাজ করছি। এই অনুভূতিই আমাকে দিয়ে অর্ধেক অভিনয় করিয়ে নিয়েছে। আর বাকি কাজটা হয়েছে কাজের প্রতি ওর আবেগ আর নিষ্ঠা থেকে।’
এন-কে


আপনার মতামত লিখুন