বিএনপিনেতা আসলাম চৌধুরীর ভাই বিমানবন্দরে গ্রেপ্তার
অর্থ আত্মসাৎসহ ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিএনপিনেতা আসলাম চৌধুরীর ভাই আমজাদ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি গতকাল বৃহস্পতিবার রাতে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ পাওয়া যায়, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আমজাদ চৌধুরী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে দেশত্যাগ করতে চেয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাঁকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানেই আছেন।
দুদক সূত্র জানায়, আমজাদ চৌধুরী অর্থ আত্মসাৎসহ ১৫ মামলার চার্জশিটভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তর এবং জল, স্থল ও বিমানবন্দরে চিঠি দেওয়া হয়েছিল। সর্বশেষ ২০২১ সালের ২৬ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের মানি লন্ডারিং শাখা থেকে মো. আমজাদ হোসেন চৌধুরীর দেশত্যাগ করতে না পারার বিষয়ে সব বন্দরে চিঠি দেয় দুদক। দুদকের এ নিষেধাজ্ঞার ভিত্তিতে চট্টগ্রাম বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে দুদকে খবর দেয়।
দুদক জানায়, অর্থ আত্মসাতের এ মামলায় বিএনপিনেতা আসলাম চৌধুরী, তাঁর ভাই আমজাদ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী ও আসলামের স্ত্রী জামিলা নাজনিল মাওলাকে আসামি করা হয়। এবি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুদক ২০১৬ সালের ১৬ জুলাই তাঁদের বিরুদ্ধে মামলা করে। এ ঋণটি নেওয়া হয় তাঁদের পারিবারিক-ব্যবসায়িক প্রতিষ্ঠান রাইজিং স্টিল মিল লিমিটেডের নামে। হালিশহরের সাউথ ইস্ট ব্যাংক থেকেও ১৪৮ কোটি ২০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুদক একই বছরের ২৬ ডিসেম্বর হালিশহর থানায় আরেকটি মামলা করে। এ মামলারও চার্জশিটভুক্ত আসামি আমজাদ হোসেন চৌধুরী। এ দুটিসহ মোট ১৫ মামলায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। কিন্তু, এতদিন তিনি দেশে থাকলেও পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে দেশ ছাড়ার সময় পুলিশের জালে ধরা পড়েন তিনি। তাঁর ভাই বিএনপিনেতা আসলাম চৌধুরী এসব মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
এন-কে


আপনার মতামত লিখুন